তুরস্কের আনতালিয়ায় শুরু হওয়া জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ-৩১ থেকে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২১ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়ার সময় বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রত্যাশার কথা জানান তিনি।

রুহুল কবির রিজভী বলেন, বৈশ্বিক উষ্ণায়ন ও পরিবেশ বিপর্যয় মোকাবিলায় জাতিসংঘ আয়োজিত এই সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নিচ্ছেন। এমন সংকটময় পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সম্মেলনে যোগ দেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করে রিজভী বলেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, দেশব্যাপী খাল খনন এবং নবায়নযোগ্য জ্বালানির কার্যকর ব্যবহার নিশ্চিত করার মতো পরিবেশবান্ধব উদ্যোগ বিএনপির নির্বাচনি ইশতেহারেও অগ্রাধিকার পেয়েছে।

তিনি বলেন, বিশ্ব উষ্ণায়নের কারণে পৃথিবীতে তাপমাত্রা বাড়ছে এবং মানবজাতি বিপন্ন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। এই সংকট মোকাবিলায় কার্বন ডাই-অক্সাইডের নিঃসরণ ও প্রভাব কমানোর বিষয়ে বিশ্বনেতা এবং পরিবেশ বিশেষজ্ঞরা সম্মেলনে আলোচনা করবেন। এসব আলোচনার মধ্য দিয়ে কার্যকর সমাধান বেরিয়ে আসবে বলে তিনি আশা করেন।

রিজভী আরও বলেন, পৃথিবীকে বাসযোগ্য রাখতে এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমাতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পরিবেশ দূষণে বাংলাদেশের ভূমিকা নগণ্য হলেও জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। তাই আন্তর্জাতিক তহবিল ও জলবায়ু মোকাবিলায় ন্যায্য অধিকার নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, বাংলাদেশ সরকারপ্রধান তারেক রহমান পরিবেশ রক্ষায় আন্তরিক প্রচেষ্টার পরিচয় দিয়েছেন। এসব উদ্যোগ ও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় কপ-৩১ সম্মেলন থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা বুঝে পাবে বলে তিনি প্রত্যাশা করেন।