রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে আটক করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৫১টি মামলা করা হয়েছে। অভিযানে একটি অবিস্ফোরিত ককটেল, ককটেলের অংশবিশেষ, মাদকদ্রব্য ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, আটকদের মধ্যে রমনা বিভাগে ২২ জন, লালবাগ বিভাগে ৫৯ জন, ওয়ারী বিভাগে ৪৩ জন, মতিঝিল বিভাগে ৫৯ জন, তেজগাঁও বিভাগে ৫৬ জন, মিরপুর বিভাগে ১৪৯ জন, গুলশান বিভাগে ৩৮ জন, উত্তরা বিভাগে ৩৮ জন এবং গোয়েন্দা বিভাগ একজনকে আটক করেছে।
অভিযানকালে একটি অবিস্ফোরিত ককটেল ও ককটেলের অংশবিশেষ, ৬৬৯ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, একটি গাঁজা কাটার মেশিন এবং ১১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে উদ্ধার করা আলামত ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।









