বিদেশে অবস্থানরত কোনো নাগরিক দেশে ফিরতে চাইলে পাসপোর্ট না থাকলে কীভাবে ফিরবেন, সরকার কি তাঁর পাসপোর্ট বাতিল করতে পারে এবং অন্য দেশে অবস্থানরত কোনো ব্যক্তিকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে ফিরিয়ে আনার নিয়ম কী—এসব বিষয় নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে তাঁর আইনি পরামর্শকদের আবেদন করার পর বিষয়গুলো নতুন করে আলোচনায় এসেছে। শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়েছে। অন্যদিকে, বাংলাদেশ সরকার তাঁকে পাসপোর্টের মাধ্যমে নয়, ভারতের সঙ্গে থাকা প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে চায় বলে জানিয়েছে।
নিজ দেশে ফেরার অধিকার
বাংলাদেশের সংবিধানের ৩৬ অনুচ্ছেদ অনুযায়ী, প্রত্যেক নাগরিকের বাংলাদেশ ত্যাগ এবং দেশে পুনরায় প্রবেশের অধিকার রয়েছে। তবে জনস্বার্থে আইনের মাধ্যমে যুক্তিসংগত বিধিনিষেধ আরোপ করা যেতে পারে।
জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রের ১৩(২) ধারায় বলা হয়েছে, প্রত্যেক ব্যক্তির নিজ দেশসহ যেকোনো দেশ ত্যাগ এবং নিজের দেশে ফিরে আসার অধিকার রয়েছে।
এ ছাড়া কনস্যুলার সম্পর্কিত ভিয়েনা কনভেনশন অনুযায়ী, বিদেশে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের পাসপোর্ট ইস্যু, নবায়ন ও প্রয়োজনীয় কনস্যুলার সেবা দেওয়া দূতাবাসগুলোর অন্যতম দায়িত্ব।
কখন পাসপোর্ট বাতিল করা যায়
বাংলাদেশের ‘দ্য বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩’ অনুযায়ী সরকার নাগরিকদের পাসপোর্ট প্রদান, বাতিল এবং এ-সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারে।
রাষ্ট্রের সার্বভৌমত্ব, অখণ্ডতা, জাতীয় নিরাপত্তা বা জনস্বার্থের কারণে পাসপোর্ট বাতিল করা যায়। এ ছাড়া নৈতিক স্খলনজনিত অপরাধে দুই বছরের বেশি কারাদণ্ড হলে, কোনো আদালত পাসপোর্টধারীর বিরুদ্ধে আদেশ বা নিষেধাজ্ঞা দিলে, তথ্য গোপন করে পাসপোর্ট নেওয়া হলে কিংবা অন্য কারও নিয়ন্ত্রণে পাসপোর্ট থাকলেও তা বাতিলের সুযোগ রয়েছে।
বিদেশে অবস্থানরত কারও পাসপোর্ট বাতিল হলে তিনি সংশ্লিষ্ট দেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাসে আগের পাসপোর্ট জমা দিয়ে নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন।
ট্রাভেল পাস কী এবং কেন দেওয়া হয়
বিদেশে অবস্থানকালে পাসপোর্ট হারিয়ে গেলে বা পাসপোর্টের মেয়াদ শেষ হলে দেশে ফেরার জন্য সাময়িক ভ্রমণপত্র বা ট্রাভেল পাস দেওয়া হয়। সাধারণত বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস বা হাইকমিশন থেকে এই পাস দেওয়া হয়ে থাকে।
ট্রাভেল পাস দিয়ে সাধারণত একবারই দেশে ফেরা যায়। দেশে ফেরার পর আবার বিদেশে যেতে হলে নতুন পাসপোর্ট নিতে হয়।
কোনো ব্যক্তি বিদেশে রাজনৈতিক বা শরণার্থী হিসেবে আশ্রয়ের আবেদন করলে, সেই আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট দেশ তাঁর চলাচলের সুবিধার্থে ট্রাভেল ডকুমেন্ট দিতে পারে।
প্রত্যর্পণ চুক্তির নিয়ম কী
বিদেশে অবস্থানরত অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত কোনো ব্যক্তিকে দেশে ফিরিয়ে আনার জন্য রয়েছে ‘বন্দি প্রত্যর্পণ আইন, ১৯৭৪’। এ আইনের আওতায় অন্য দেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি থাকতে হয়।
বাংলাদেশের সঙ্গে ভারত ও থাইল্যান্ডের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এসব চুক্তির আওতায় অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তিকে এক দেশ থেকে অন্য দেশে হস্তান্তরের জন্য আবেদন করা যায়।
ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, প্রত্যর্পণের অনুরোধ করা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ রাজনৈতিক প্রকৃতির হলে সংশ্লিষ্ট দেশ সেই অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে।
আগেও ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরেছেন রাজনৈতিক নেতারা
বিদেশে অবস্থান করে পাসপোর্ট না থাকায় ট্রাভেল পাস নিয়ে দেশে ফেরার নজির রয়েছে বাংলাদেশের রাজনীতিতে। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দীর্ঘদিন ভারতে অবস্থানের পর ট্রাভেল পাস নিয়ে দেশে ফেরেন। একইভাবে দীর্ঘদিন যুক্তরাজ্যে অবস্থানের পর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও ট্রাভেল পাস ব্যবহার করে দেশে ফিরেছেন।
এ ছাড়া ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে শেখ হাসিনার দেশে ফেরার ওপর নিষেধাজ্ঞা জারির ঘটনাও রয়েছে। পরে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে তিনি দেশে ফেরেন।
সব মিলিয়ে পাসপোর্ট, ট্রাভেল পাস ও প্রত্যর্পণ চুক্তি—তিনটি বিষয় আলাদা আইনি প্রক্রিয়ার আওতাভুক্ত। পাসপোর্ট একজন নাগরিকের আন্তর্জাতিক ভ্রমণের পরিচয়পত্র, ট্রাভেল পাস সাময়িকভাবে দেশে ফেরার অনুমতিপত্র এবং প্রত্যর্পণ চুক্তি অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তিকে এক দেশ থেকে অন্য দেশে হস্তান্তরের আইনি ব্যবস্থা।









