লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই ও রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মামুনুর রশিদ।
পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন হারুনুর রশিদ। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুর আগে কয়েক দিন তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
হারুনুর রশিদ ১৯৯৬ সালে উপনির্বাচনে লক্ষ্মীপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন। পাশাপাশি ঢাকার ঐতিহ্যবাহী আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তিনি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা গ্রামের বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, ভাইসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।









