ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করা হয়েছে। এ ঘটনায় সরকারের মন্ত্রী ও বিএনপির জ্যেষ্ঠ নেতারা কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আবেদনটিকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন। অন্যদিকে, সরকার জানিয়েছে, আবেদনটির সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে।
শেখ হাসিনা আগামী ডিসেম্বরে ভারত থেকে দেশে ফেরার ঘোষণা দিয়ে আসছিলেন। এর মধ্যেই তাঁর আইনজীবীদের মাধ্যমে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করা হয়।
লন্ডনভিত্তিক ম্যাটিক্স চেম্বারস নামের একটি আইনি প্রতিষ্ঠান ই-মেইলের মাধ্যমে আবেদনটি পাঠিয়েছে বলে জানিয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন। পরে চিঠিটি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান জানান, প্রতিষ্ঠানটির কাছ থেকে এ-সংক্রান্ত একটি ই-মেইল পাওয়া গেছে। তবে আবেদনটি সঠিক কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এ কারণে ই-মেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
আবেদনের সত্যতা যাচাই করছে সরকার
ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের সময়ে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়। তাঁর আইনজীবীদের পাঠানো চিঠিতে বলা হয়েছে, আগের সরকার তাঁর বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছিল। এ কারণে নতুন করে এসব নথি ইস্যুর আবেদন জানানো হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আবেদনটির সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখছে। আবেদনটি যথাযথভাবে করা হয়েছে কি না এবং আবেদন করার আইনগত অধিকার রয়েছে কি না, তা বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান আরও জানান, আইনজীবী প্রতিষ্ঠানের পাঠানো ই-মেইলে শেখ হাসিনার অনুমোদন বা তাঁর পক্ষে আবেদন করার ক্ষমতাপত্র-সংক্রান্ত কোনো নথি পাওয়া যায়নি। ফলে আবেদনটি সরাসরি শেখ হাসিনার পক্ষ থেকে করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার সুযোগ নেই।
তবে আওয়ামী লীগের নেতারা দাবি করেছেন, শেখ হাসিনার পক্ষ থেকেই আবেদনটি করা হয়েছে। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আইনগতভাবেই পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা।
শেখ হাসিনাকে ফেরাতে চায় প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে
বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাঁর বিরুদ্ধে দেওয়া দণ্ড কার্যকর করতে ভারতের কাছে অনুরোধ জানিয়ে আসছে। তবে ভারতের পক্ষ থেকে এখনো এ বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশ পাসপোর্টের মাধ্যমে নয়, ভারতের সঙ্গে থাকা প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায়।
তিনি বলেন, বাংলাদেশ চায় ভারত শেখ হাসিনাকে ফেরত দিক। এখানে পাসপোর্টের প্রসঙ্গ আসে না। তাঁর ভাষ্য, শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ ও দণ্ড রয়েছে। এ কারণে তাঁকে প্রত্যর্পণের উদ্যোগ নেওয়া হবে।
শেখ হাসিনার আইনজীবীরা আবেদনে তাঁর বাংলাদেশি নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তি ও সনদ থেকে উদ্ভূত অধিকার বিবেচনায় নিয়ে দ্রুত আবেদন নিষ্পত্তির অনুরোধ জানিয়েছেন।
জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। এর মধ্যে একটি মামলায় তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি বক্তব্য
শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে ক্ষমতাসীন বিএনপির নেতারাও প্রতিক্রিয়া জানিয়েছেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চাওয়ার ঘটনাকে ‘লজ্জাহীন’ বলে মন্তব্য করেছেন। তাঁর অভিযোগ, শেখ হাসিনা দেশে ফেরার চেষ্টা করার পাশাপাশি বিদেশে রাজনৈতিক ব্যক্তিদের সমর্থন চাইছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, দেশে ফেরার জন্য শেখ হাসিনার আইনগতভাবে যে পদক্ষেপ নেওয়া উচিত ছিল, তিনি তা নেননি। তাঁর মতে, দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
অন্যদিকে, আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সরকার শেখ হাসিনাকে ভয় পাচ্ছে বলেই তাঁকে পাসপোর্ট বা ট্রাভেল পাস দিতে চাইছে না।
দলটির মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত প্রশ্ন তুলেছেন, সরকার আগে শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাঁকে স্বাগত জানানোর কথা বললেও এখন তিনি ফিরতে চাওয়ার পর কেন সহযোগিতা করা হচ্ছে না।
আ ফ ম বাহাউদ্দিন নাছিমও বলেছেন, একজন নাগরিক হিসেবে শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার অধিকার রয়েছে। তাঁর দাবি, নাগরিকের এই অধিকার থেকে তাঁকে বঞ্চিত করার সুযোগ সরকারের নেই।
এখন শেখ হাসিনার পক্ষে করা আবেদনটির সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করে বিএনপি সরকার কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই নজর রয়েছে।









