মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমে আসা এবং বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। আগের কার্যদিবসে ১ শতাংশের বেশি বাড়ার পর মঙ্গলবার স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৬ শতাংশ কমেছে।
বাংলাদেশ সময় সকাল ৮টা ৩৮ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম কমে দাঁড়ায় ৪ হাজার ১১৫ ডলার ১২ সেন্টে। তবে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার দর ০ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১২৩ ডলার ৯০ সেন্ট হয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, আগের কার্যদিবসে স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার পর বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়ায় দাম কমেছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের সংঘাত আরও না বাড়ানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানও বাজারে প্রভাব ফেলেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আপাতত ইরানের ওপর নতুন করে সামরিক হামলার পরিকল্পনা স্থগিত রাখছেন তিনি। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের নেতারা, বিশেষ করে কাতারের প্রধানমন্ত্রী, তাকে এ বিষয়ে অনুরোধ জানিয়েছেন। এর প্রভাবে বিশ্ববাজারে তেলের দামও কমেছে।
বিশ্লেষকদের ধারণা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমে তেলের দাম আরও কমলে তা স্বর্ণের বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। কারণ, তেলের দামের পরিবর্তন ডলারের মূল্য, মূল্যস্ফীতি এবং সুদের হারের প্রত্যাশাকে প্রভাবিত করে।
এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের রিচমন্ড শাখার প্রেসিডেন্ট টম বারকিন মূল্যস্ফীতি মোকাবিলায় মুদ্রানীতি নির্ধারণের ক্ষেত্রে সতর্ক থাকার ওপর গুরুত্ব দিয়েছেন। তবে ডিসেম্বরের বৈঠকে সুদের হার নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হতে পারে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো পূর্বাভাস দেননি।
সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ডিসেম্বরের বৈঠকে ফেড সুদের হার বাড়াতে পারে বলে ধারণা করছেন ৮৪ শতাংশ বিনিয়োগকারী। সুদের হার বাড়লে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদ ধরে রাখার সুযোগব্যয় বেড়ে যায়। ফলে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ কমতে পারে।
বর্তমানে বিনিয়োগকারীদের নজর যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রতিবেদনের দিকে। এর পাশাপাশি উৎপাদক মূল্যসূচকের (পিপিআই) তথ্যও বাজারের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। স্পট মার্কেটে রুপার দাম ০ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৫৩ ডলার ৪ সেন্ট হয়েছে। প্লাটিনামের দাম ০ দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ৫৭১ ডলার ৭০ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৩৭ ডলার ৫০ সেন্টে দাঁড়িয়েছে।









