আজ শহীদ নূর হোসেন দিবস। স্বৈরাচারবিরোধী আন্দোলনে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে রাজপথে নেমে ১৯৮৭ সালের এই দিনে পুলিশের গুলিতে শহীদ হন নূর হোসেন। তার আত্মত্যাগ নব্বইয়ের গণআন্দোলনকে আরও বেগবান করে এবং স্বৈরাচারী শাসনের পতনের পথ সুগম করে।

তৎকালীন এরশাদবিরোধী আন্দোলনে উত্তাল ছিল ঢাকার রাজপথ। সচিবালয় ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে বায়তুল মোকাররম ও গুলিস্তান এলাকায় জড়ো হয়েছিলেন হাজারো মানুষ।

সেই মিছিলে অংশ নিয়েছিলেন ২৪ বছর বয়সী নূর হোসেন। তার বুকে সাদা রঙে লেখা ছিল ‘স্বৈরাচার নিপাত যাক’ এবং পিঠে লেখা ছিল ‘গণতন্ত্র মুক্তি পাক’। স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে তার এই সাহসী প্রতিবাদ দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে।

মিছিলটি গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে গুলিবিদ্ধ হন নূর হোসেন। রাজপথেই লুটিয়ে পড়েন তিনি। তার আত্মত্যাগ স্বৈরাচারবিরোধী আন্দোলনে নতুন গতি সঞ্চার করে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে গুরুত্বপূর্ণ প্রেরণা হয়ে ওঠে।

দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে গুলিস্তানের শহীদ নূর হোসেন স্কয়ারে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি নেওয়া হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের উদ্যোগে বিকেল ৪টায় তোপখানা রোডে দলটির প্রধান কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ‘শহীদ নূর হোসেন দিবস: রাষ্ট্রীয় গুম-খুনের বাসনা এবং সংস্কার পরিষদ না গঠনের বাহানা’ শীর্ষক এ সভায় সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।