দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন কোন ধাপে এবং কবে অনুষ্ঠিত হবে, তা নির্ধারণে আগামী ১৬ নভেম্বর বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। ওই বৈঠকে পাঁচ ধাপে ইউপি নির্বাচন আয়োজনের প্রস্তুতি ও ভোটের সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠেয় বৈঠকে চার নির্বাচন কমিশনার উপস্থিত থাকবেন। নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সভার আলোচ্যসূচিতে দুটি বিষয় রাখা হয়েছে।
এর মধ্যে রয়েছে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উৎপাদন, পারসোনালাইজেশন ও বিতরণের জন্য পারসোনালাইজেশন সেন্টার-সংক্রান্ত বিষয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের চিন্তা করছে কমিশন। সম্ভাব্য সূচি অনুযায়ী, প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে।
প্রস্তাবিত পরিকল্পনায় সদর উপজেলা ও সদর-সংলগ্ন ইউনিয়ন পরিষদগুলোকে নির্বাচনের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার কথা ভাবা হচ্ছে। প্রথম ধাপে প্রায় ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ হতে পারে।
তবে কোন ইউনিয়ন পরিষদ কোন ধাপে নির্বাচনের আওতায় আসবে, তা এখনো চূড়ান্ত হয়নি। আগামী ১৬ নভেম্বরের বৈঠকে এ বিষয়ে আলোচনা শেষে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত জানা যাবে।
সূচিগুলো তালিকায় সাজিয়ে দিনঅনিশ্চিত তথ্যগুলো আরও স্পষ্ট করুন








