বাংলাদেশে চলাচলকারী দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলোর উড়োজাহাজের পরিচ্ছন্নতা, যাত্রীসেবার মান, উড়োজাহাজের ধরন ও বিমান ভাড়া নিয়ে কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আন্তর্জাতিক রুটের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ রুটেও মানসম্মত যাত্রীসেবা নিশ্চিত করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস) এয়ার কমডোর মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী দেশি-বিদেশি এয়ারলাইন্স এবং এয়ারলাইন্স অপারেটিং কমিটিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

বেবিচকের পর্যবেক্ষণে দেখা গেছে, বাংলাদেশে চলাচলকারী কিছু উড়োজাহাজের যাত্রী কেবিন যথাযথভাবে পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না। কোনো কোনো উড়োজাহাজের আসন, মেঝে, কার্পেট, শৌচাগার ও ট্রে টেবিলসহ বিভিন্ন অংশ অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া গেছে।

এ পরিস্থিতিতে প্রতিটি ফ্লাইট উড্ডয়নের আগে উড়োজাহাজের কেবিন ভালোভাবে পরিষ্কার করার নির্দেশ দিয়েছে বেবিচক। পাশাপাশি যাত্রীদের জন্য স্বাস্থ্যসম্মত ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে কেবিনের সব অংশ নিয়মিত পরিচ্ছন্ন রাখার কথা বলা হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, কিছু এয়ারলাইন্স অন্যান্য আন্তর্জাতিক রুটের তুলনায় বাংলাদেশ রুটে অপেক্ষাকৃত নিম্নমানের উড়োজাহাজ ও যাত্রীসেবা দিচ্ছে। এ ধরনের বৈষম্য দূর করতে বাংলাদেশ রুটেও নিরাপদ, মানসম্মত এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধাসম্পন্ন উড়োজাহাজ পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

যাত্রীসেবার ক্ষেত্রেও একই মান বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছে বেবিচক। এয়ারলাইন্সগুলো অন্যান্য আন্তর্জাতিক রুটে যাত্রীদের যে ধরনের সেবা ও স্বাচ্ছন্দ্য দিয়ে থাকে, বাংলাদেশ রুটেও তা নিশ্চিত করতে হবে। রুটভেদে যাত্রীসেবায় কোনো ধরনের বৈষম্য রাখা যাবে না বলেও নির্দেশনায় জানানো হয়েছে।

এ ছাড়া ভ্রমণের দূরত্ব ও প্রদত্ত সেবার তুলনায় কিছু রুটে বিমান ভাড়া বেশি হওয়ার বিষয়টি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে বেবিচক। এ অবস্থায় রুটের দূরত্ব ও যাত্রীসেবার মান বিবেচনায় বিমান ভাড়া পর্যালোচনা করে যৌক্তিক পর্যায়ে রাখার জন্য এয়ারলাইন্সগুলোকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়েছে।

নির্দেশনায় উড়োজাহাজের নিয়মিত পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসম্মত পরিবেশ, মানসম্মত উড়োজাহাজ পরিচালনা, যৌক্তিক বিমান ভাড়া এবং নিরাপদ ও আরামদায়ক যাত্রীসেবা নিশ্চিত করার বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।

এদিকে, এসব নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, তা যাচাই করতে নিয়মিত পরিদর্শন কার্যক্রম পরিচালনা করবে বেবিচক। পাশাপাশি যাত্রীসেবার মানও পর্যবেক্ষণ করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।