দেশের আকাশে পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। এর মধ্য দিয়ে হিজরি বর্ষপঞ্জির ষষ্ঠ মাসের গণনা শুরু হয়েছে। জমাদিউস সানি, রজব ও শাবান—এই তিন মাস পেরোলেই শুরু হবে মুসলিম উম্মাহর প্রতীক্ষিত পবিত্র রমজান।

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, জমাদিউস সানির পর সপ্তম মাস রজব এবং অষ্টম মাস শাবান। এরপর নবম মাস হিসেবে আসে পবিত্র রমজান। রহমত, মাগফিরাত ও নাজাতের মাসটির অপেক্ষায় রয়েছেন বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা।

চন্দ্রবর্ষের হিসাব অনুযায়ী, প্রতিটি হিজরি মাস সাধারণত ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। সে হিসাবে জমাদিউস সানি, রজব ও শাবান মাস শেষ হওয়ার পর রমজান শুরু হবে।

জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, মধ্যপ্রাচ্যে আগামী ২৮ ফেব্রুয়ারি পবিত্র রমজানের প্রথম রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে সাধারণত মধ্যপ্রাচ্যের এক দিন পর চাঁদ দেখা যাওয়ায় এসব দেশে ১ বা ২ মার্চ রমজান শুরু হতে পারে।

তবে রমজান শুরুর চূড়ান্ত তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করবে। এ বিষয়ে যথাসময়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে জাতীয় চাঁদ দেখা কমিটি।