আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার হয়ে আর ফিরে না আসা ব্যক্তিদের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান। এ সময় গুমের বিচার কার্যক্রমের অগ্রগতি জানতে চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

তদন্তের অগ্রগতি তুলে ধরে চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের প্রায় আড়াইশ অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিটি পরিবারের সঙ্গে কথা বলে আলাদাভাবে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে তদন্ত শেষ পর্যায়ে রয়েছে।

তিনি আরও জানান, তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর তা যাচাই-বাছাই করা হবে। এরপর আনুষ্ঠানিক অভিযোগ আকারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

এ সময় মানবাধিকার সংগঠন মায়ের ডাকের প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি বলেন, গুমের ঘটনাগুলোর বিচার নিশ্চিত করতে বর্তমানে থাকা দুটি ট্রাইব্যুনাল যথেষ্ট নয়। এ জন্য আরও ট্রাইব্যুনাল গঠন করা প্রয়োজন।

তিনি গুমের শিকার ব্যক্তিদের প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন, দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং ভুক্তভোগী পরিবারগুলোর ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে ভুক্তভোগী পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সানজিদা ইসলাম তুলি। সে সময় গুমের অভিযোগগুলোর তদন্ত ও বিচার যেন কোনো ধরনের রাজনৈতিক বিবেচনায় পরিচালিত না হয়, সে বিষয়ে অনুরোধ জানিয়েছিলেন তিনি।