দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। এ নিয়ে টানা পাঁচ দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম কমল মোট ১২ হাজার ৭১ টাকা।

শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়। নির্ধারিত দর সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।

তবে স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৯৯ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ২১৬ টাকা।

এর আগে শুক্রবার দেশের বাজারে টানা চতুর্থ দফায় স্বর্ণের দাম কমানো হয়েছিল। সেদিন ভরিতে ২ হাজার ১১৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।