অধিকৃত পূর্ব জেরুজালেমের দক্ষিণ-পূর্ব উপকণ্ঠের সুর বাহের এলাকায় অনুমোদনহীনভাবে বাড়ি নির্মাণের অভিযোগে দুই ফিলিস্তিনি ভাইকে নিজেদের বাড়ি ভেঙে ফেলতে বাধ্য করেছে ইসরাইলি পৌর কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, দুই ভাইয়ের মধ্যে ওমর ইব্রাহিম আমিরার বাড়িটি ২০০০ সাল থেকে রয়েছে। সেখানে তিনি স্ত্রী ও চার সন্তানকে নিয়ে বসবাস করেন। ইসরাইলি পৌর কর্তৃপক্ষ তাঁকে নিজ উদ্যোগে বাড়িটি ভেঙে ফেলার জন্য ২১ দিন সময় দিয়েছে। একই সঙ্গে ১ লাখ শেকেল (প্রায় ৩১ হাজার ২০৮ ডলার) জরিমানাও করা হয়েছে।
ওমরের ভাই শাদির বাড়িটিও ২০০০ সাল থেকে রয়েছে। তিনি সেখানে স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে বসবাস করেন।
জেরুজালেম গভর্নরেটের দাবি, দুই ভাইকে নিজেদের বাড়ি ভেঙে ফেলতে বাধ্য করার ঘটনা জেরুজালেমের ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ এবং বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার বৃহত্তর নীতির অংশ। এ ধরনের পদক্ষেপের কারণে আরও বেশি ফিলিস্তিনি পরিবার বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে পড়ছে।








