পশ্চিমবঙ্গে কমিউনিস্ট ও তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে চিরতরে নিষ্ক্রিয় করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিশেষ সুযোগ-সুবিধা দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি।

শুভেন্দুর দাবি, বিহার, গুজরাট, মহারাষ্ট্র ও উত্তর প্রদেশের মানুষদের বহিরাগত তকমা দেওয়া হলেও বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আগের সরকারের আমলে বিশেষ সুবিধা পেয়েছেন।

হাওড়ার কাজীপাড়ায় ছটপূজা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সেখানে শুভেন্দু বলেন, পশ্চিমবঙ্গের মানুষের কাছ থেকে নাস্তিক কমিউনিস্ট ও জামাতপন্থি তৃণমূলকে চিরতরে দূরে রাখতে তিনি কাজ করবেন। দলগুলো যাতে ভবিষ্যতে আর রাজ্যে রাজনৈতিকভাবে শক্তিশালী হতে না পারে, সে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

বামফ্রন্টের ৩৪ বছরের শাসনের সমালোচনা করে শুভেন্দু বলেন, কমিউনিস্টরা বই বিক্রিতে দক্ষ হলেও ধর্মীয় পরিচয় ও হিন্দু সংস্কৃতির প্রসঙ্গ এলে পিছিয়ে যান। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে রামনবমীর মিছিলসহ বিভিন্ন হিন্দুধর্মীয় অনুষ্ঠানে বাধা দেওয়া হতো বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, বর্তমানে রাজ্যে এ ধরনের পরিস্থিতি নেই।

বিজেপিকে অবাঙালিদের দল হিসেবে প্রচারের অভিযোগের জবাবে শুভেন্দু বলেন, বিহার, গুজরাট, মহারাষ্ট্র ও উত্তর প্রদেশের মানুষদের বহিরাগত বলা হয়েছে। অথচ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জামাই আদরে রাখা হয়েছে। এ সময় গত ১৫ বছরে তৃণমূলের বিরুদ্ধে ২০ থেকে ৩০ হাজার কোটি রুপি বিদেশে পাচারের অভিযোগও তোলেন তিনি। তবে এসব অভিযোগের পক্ষে অনুষ্ঠানে কোনো নথি বা বিস্তারিত প্রমাণ তুলে ধরেননি।

সংখ্যালঘুদের সমর্থন প্রসঙ্গে শুভেন্দু নন্দীগ্রামের উপনির্বাচন এবং মুর্শিদাবাদের রেজিনগরে বিজেপির জয়ের উদাহরণ দেন। তাঁর দাবি, মুসলিম অধ্যুষিত এলাকাতেও বিজেপির প্রতি মানুষের সমর্থন রয়েছে।

এদিকে বাঁকুড়ার রায়পুরে আরেকটি অনুষ্ঠানে জঙ্গলমহলের উন্নয়নে বড় অঙ্কের অর্থ বরাদ্দের ঘোষণা দেন শুভেন্দু। তিনি জানান, গত অর্থবছরে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মাধ্যমে মাত্র ছয় কোটি রুপি ব্যয় হয়েছে। চলতি অর্থবছরের বাকি আট মাসে জঙ্গলমহলের উন্নয়নে এ পর্ষদের মাধ্যমে ১ হাজার ২০০ কোটি রুপি ব্যয় করা হবে।

এ ছাড়া বিভিন্ন জনগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় গঠিত উন্নয়ন বোর্ডগুলোর বরাদ্দ ১০ কোটি থেকে বাড়িয়ে ৫০ কোটি রুপি করা হয়েছে বলে জানান তিনি। আগামী ডিসেম্বরের মধ্যে এসব বোর্ড গঠনের কাজ শেষ করার কথাও বলেন মুখ্যমন্ত্রী।