মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন শোষিত, নির্যাতিত ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার এক অনন্য নেতা। তার জীবনের প্রতিটি ধাপ ছিল সংগ্রামে পরিপূর্ণ। বিশ্ব ইতিহাসে তার মতো নেতা আর আসবেন না বলে মন্তব্য করেছেন কবি আবদুল হাই শিকদার।
মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘মওলানা ভাসানীর বিশ্বশান্তি দর্শন’ শীর্ষক এক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সেমিনার হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনায় আবদুল হাই শিকদার বলেন, মওলানা ভাসানীকে বুঝতে হলে বাংলাদেশ ও এ দেশের মানুষকে বুঝতে হবে। বাংলাদেশ ও মওলানা ভাসানী প্রকৃত অর্থেই এক ও অবিভাজ্য সত্তা। তিনি শোষণ, বৈষম্য, সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করেছেন। বিশ্বশান্তি প্রতিষ্ঠা এবং নিপীড়িত মানুষের মুক্তির প্রতীক ছিলেন তিনি। তার আদর্শ ও রাজনৈতিক দর্শন বর্তমান প্রজন্মের জন্যও অত্যন্ত প্রাসঙ্গিক।
তিনি আরও বলেন, মওলানা ভাসানী কখনো ক্ষমতার রাজনীতিকে প্রাধান্য দেননি। বরং রাজনীতিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। কৃষক, শ্রমিক ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার অবদান অসামান্য। কাগমারী সম্মেলন, ঐতিহাসিক ‘আসসালামু আলাইকুম’ উচ্চারণ এবং ফারাক্কা লংমার্চ তার দূরদর্শী নেতৃত্বের গুরুত্বপূর্ণ উদাহরণ। রাজনীতি ও সংস্কৃতির মধ্যে গভীর সম্পর্ক থাকা প্রয়োজন বলেও তিনি মনে করতেন।
ব্যক্তিগত স্মৃতিচারণ করে তিনি জানান, তার দাদা মওলানা ভাসানীর ঘনিষ্ঠ সহচর ছিলেন এবং বাবা ছিলেন তার সরাসরি ছাত্র। জন্মের পর মওলানা ভাসানী নিজেই তার নাম রেখেছিলেন।
‘হক কথা’ পত্রিকার ঐতিহাসিক ভূমিকা তুলে ধরে তিনি বলেন, অন্যায়, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে এটি ছিল একটি শক্তিশালী প্রতিবাদী কণ্ঠস্বর।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে আবদুল হাই শিকদার বলেন, মওলানা ভাসানী এমন একটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখেছিলেন, যেখানে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের হাতে-কলমে কাজ শেখানো হবে। এতে পড়াশোনা শেষ করে কাউকে বেকার থাকতে হবে না। কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। ভাসানীর শিক্ষা ও রাজনৈতিক দর্শনকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় মওলানা ভাসানীর স্মৃতি সংরক্ষণে পীর শাহজামানের নামে একটি ছাত্রাবাস এবং রাবেয়া বসরীর নামে একটি ছাত্রীনিবাস প্রতিষ্ঠার প্রস্তাব দেন তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বলেন, শুধু আলোচনা ও স্মরণসভার মধ্যে সীমাবদ্ধ থাকলে মওলানা ভাসানীর প্রতি যথার্থ শ্রদ্ধা জানানো হবে না। তার আদর্শ ও দর্শন বাস্তবায়নের মধ্য দিয়েই তাকে প্রকৃতভাবে মূল্যায়ন করতে হবে।
সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমান এবং জেলা পরিষদের প্রশাসক এসএম ওবায়দুল হক।
এ ছাড়া বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন মওলানা ভাসানী ফাউন্ডেশনের সদস্য সচিব মাহমুদুল হক সানু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সেমিনার উপকমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মওলানা ভাসানী স্টাডিজের কোর্স শিক্ষক সৈয়দা উসতু আনা হান্নানা।
প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।









