দেশে একের পর এক নতুন বিভাগ গঠিত হলেও এখনো বিভাগীয় মর্যাদা পায়নি কুমিল্লা। দীর্ঘদিনের দাবি পূরণ না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। জাতীয় সংসদে তিনি সরকারের কাছে জানতে চেয়েছেন, কবে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হবে।
জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি কুমিল্লাকে বিভাগ ও মেট্রোপলিটন নগরী ঘোষণার দাবি জানান। এ সময় কুমিল্লার দীর্ঘদিনের ঐতিহাসিক ও শিক্ষাগত ঐতিহ্যের কথা তুলে ধরেন তিনি।
মনিরুল হক চৌধুরী বলেন, মহানগরী হিসেবে পরিচিতি থাকলেও এখনো মেট্রোপলিটন নগরীর আনুষ্ঠানিক স্বীকৃতি পায়নি কুমিল্লা। দুটি পৌরসভা একীভূত করে মহানগরী করা হলেও অবকাঠামো ও নাগরিক সেবার ক্ষেত্রে প্রত্যাশিত উন্নয়ন হয়নি। এখনো অনেক সেবা উপজেলা পর্যায় থেকে পরিচালিত হচ্ছে। বিষয়টিকে কুমিল্লার মানুষের প্রতি অবিচার বলেও উল্লেখ করেন তিনি।
তিনি জানান, কুমিল্লাকে বিভাগ ও মেট্রোপলিটন নগরী ঘোষণার দাবিতে ১২ জন সংসদ সদস্য একসঙ্গে সরকারকে চিঠি দিয়েছেন। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কার্যকর কোনো অগ্রগতি দেখা যায়নি।
স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এই সংসদ সদস্য বলেন, এক মাসের মধ্যে কক্সবাজারে পৌরসভা করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী এক বছরের মধ্যে কুমিল্লাকে মেট্রোপলিটন নগরী ও বিভাগ হিসেবে ঘোষণা করা হবে।
নিজের হতাশা প্রকাশ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী সংসদে উপস্থিত না থাকলেও কুমিল্লার মানুষের প্রত্যাশা ও তাদের বিব্রতকর অবস্থার বিষয়টি তিনি জানেন। দীর্ঘদিন ধরে দাবি জানাতে জানাতে বয়স বেড়ে গেলেও কোনো অগ্রগতি হয়নি। এখনো আশায় রয়েছেন, সরকার কুমিল্লার প্রতি সুবিচার করবে।
সরকারের কাছে সরাসরি প্রশ্ন রেখে মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবি জানানোর পর দেশে আরও অনেক বিভাগ গঠিত হয়েছে। তাই অবিলম্বে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হবে কি না, সে বিষয়ে সরকারের কাছে স্পষ্ট জবাব চান তিনি।
বক্তব্যের একপর্যায়ে নিজের বয়সের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বৃদ্ধ বয়সে সংসদ সদস্য হয়েছেন। এ সময় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম রসিকতা করে বলেন, তাকে তো নওজোয়ান মনে হচ্ছে।









