‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল, ২০২৬’ অধিকতর পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় সংশোধন শেষে দ্রুত জাতীয় সংসদে উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠকে বিলটি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। পরে প্রয়োজনীয় পর্যবেক্ষণ ও সংশোধনী যুক্ত করে দ্রুততম সময়ের মধ্যে সংসদের অধিবেশনে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।
জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি।
বৈঠকে কমিটির সদস্য ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ একাধিক সংসদ সদস্য অংশ নেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বৈঠকের কার্যক্রম শুরু হয়। এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট কর্মকর্তা, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের প্রতিনিধি এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









