কর্মসংস্থানের উদ্দেশ্যে চলতি নভেম্বরের শেষ দিকে মালয়েশিয়া যাচ্ছেন বাংলাদেশের ১০ হাজার কর্মী। তাদের মধ্যে এক হাজার ‘জুলাই যোদ্ধার’ বিদেশযাত্রার সম্পূর্ণ ব্যয় বহন করবে সরকার। জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী।
সংসদে প্রশ্নোত্তর পর্বে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ ও প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। এ সময় একজন সংসদ সদস্য জানান, বর্তমানে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সাত থেকে আট লাখ টাকা পর্যন্ত খরচ হচ্ছে। নির্ধারিত ব্যয়ে কর্মী পাঠানো নিশ্চিত করা এবং স্বাস্থ্য পরীক্ষা শুরুর বিষয়ে সরকারের পদক্ষেপ জানতে চান তিনি।
জবাবে মন্ত্রী জানান, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য স্বাস্থ্য পরীক্ষার কেন্দ্রগুলোর তালিকা প্রকাশ করা হবে। আগামী সপ্তাহের শেষ নাগাদ কর্মী পাঠানোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
মন্ত্রী আরও জানান, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য সর্বমোট খরচ নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা। এই নির্ধারিত খরচের বাইরে কেউ অতিরিক্ত অর্থ আদায় বা অনিয়মের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সংসদে প্রবাসীদের সুরক্ষা ও বিদেশে কর্মীদের বিভিন্ন সমস্যার বিষয়েও আলোচনা হয়। এ সময় একজন সংসদ সদস্য জানান, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও বিদেশে নানা ধরনের দুর্ভোগ ও প্রতারণার শিকার হচ্ছেন প্রবাসী কর্মীরা।
এদিকে বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম ও প্রতারণার অভিযোগে সম্প্রতি ৫৬টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করেছে সরকার।
সংরক্ষিত নারী আসনের এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিদেশে চাকরি না পাওয়া, ইকামা না পাওয়া, চুক্তি অনুযায়ী বেতন না দেওয়া এবং চাকরির নামে প্রতারণাসহ বিভিন্ন অভিযোগ তদন্ত করে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন, ২০১৩ অনুযায়ী এসব অনিয়মের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।









