দেশের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। শিক্ষা খাতের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সংস্থাটির কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এডিবির একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানানো হয়। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থাটির হিউম্যান অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক।

সাক্ষাৎকালে শিক্ষামন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় এডিবি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী করতে সংস্থাটির সহযোগিতা আরও বাড়ানো প্রয়োজন।

তিনি বলেন, সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। শিক্ষা খাতের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে এডিবি বাস্তবভিত্তিক ও কার্যকর সহযোগিতা দিতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় এডিবির প্রতিনিধিদলের প্রধান দেশের শিক্ষা খাতের উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। তিনি জানান, বাংলাদেশের সার্বিক উন্নয়নে এডিবির বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি আরও কয়েকটি নতুন প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে।

এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নে আরও বেশি অবদান রাখতে এডিবি আগ্রহী বলেও জানান তিনি।

সাক্ষাৎকালে এডিবির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।