দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে চলমান আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। একই সঙ্গে দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয়ে মতবিনিময় হয়।
বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগসহ চলমান দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। আলোচনার দ্রুত অগ্রগতির মাধ্যমে পারস্পরিক অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নতুন নেতৃত্বের অধীনে বাংলাদেশ ও শ্রীলঙ্কা উভয় দেশই বাস্তবসম্মত ও দূরদর্শী পরিকল্পনার মাধ্যমে জাতি গঠনের পথে এগিয়ে যাচ্ছে।
দুই দেশের জনগণের প্রত্যাশা পূরণে সহযোগিতার সম্ভাব্য সব ক্ষেত্র চিহ্নিত করার বিষয়েও আগ্রহ প্রকাশ করেন তিনি। এ সময় বিভিন্ন বহুপক্ষীয় অনুষ্ঠানের ফাঁকে শ্রীলঙ্কার নেতাদের সঙ্গে অনুষ্ঠিত পূর্ববর্তী আলোচনার বিষয়ও স্মরণ করা হয়।
বৈঠকে ২০২৫ সালের নভেম্বরে কলম্বোয় অনুষ্ঠিত চতুর্থ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফরেন অফিস কনসালটেশনের সিদ্ধান্তগুলো বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। পরবর্তী পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বৈঠকে উভয় পক্ষ দুই দেশের দীর্ঘদিনের বহুমুখী সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করে।









