কাতারে দক্ষ ও আধা-দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়াতে আগ্রহী বাংলাদেশ। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও জনশক্তি নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে চায় সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাতারের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও কাতারের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও জনশক্তি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সম্ভাবনাগুলো কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, বিভিন্ন খাতে দক্ষ ও আধা-দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য আরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে কাতারের সঙ্গে শ্রম সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ।

এ সময় কাতারের রাষ্ট্রদূত বাংলাদেশি কর্মীদের নিষ্ঠা, পরিশ্রম ও পেশাদারত্বের প্রশংসা করেন। কাতারের অর্থনীতিতে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথাও স্বীকার করেন তিনি।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়। অর্থনৈতিক অংশগ্রহণ ও সহযোগিতা বাড়িয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার উপায় নিয়েও আলোচনা করেন উভয় পক্ষ।

এ ছাড়া কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠেয় একটি সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণপত্র পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে হস্তান্তর করেন রাষ্ট্রদূত। কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পক্ষ থেকে এ আমন্ত্রণ জানানো হয়।

বৈঠকে দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট এবং এর টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারাবাহিক সহযোগিতার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।

রোহিঙ্গা ইস্যুতে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ধারাবাহিক সমর্থন ও সহযোগিতার জন্য কাতার সরকারকে ধন্যবাদ জানান বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে সংকট সমাধানে আন্তর্জাতিক প্রচেষ্টায় কাতারের অব্যাহত সহযোগিতা কামনা করেন তিনি।

বৈঠকের শেষ পর্যায়ে বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।