অপ্রয়োজনীয় হর্ন বাজানো বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা এবং জনসচেতনতামূলক প্রচারণা চালানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ও সড়ক পরিবহন আইনের সংশ্লিষ্ট বিধান অনুসারে এসব কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে।
জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের একটি বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
আদালতের নির্দেশনায় শব্দদূষণ নিয়ন্ত্রণে নীরব এলাকায় (সাইলেন্ট জোন) যথাযথ চিহ্ন ও সাইনবোর্ড স্থাপনের কথা বলা হয়েছে। পাশাপাশি এসব এলাকার জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ ও মতবিনিময় এবং বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া মোবাইল ফোনে বিশেষ বার্তা পাঠিয়ে জনসচেতনতা তৈরির বিষয়েও গুরুত্ব দিয়েছেন আদালত।
শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালার সংশ্লিষ্ট বিধান অনুসারে আতশবাজি ও পটকার ব্যবহার নিয়ন্ত্রণের নির্দেশও দেওয়া হয়েছে। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ আইনের আওতায় শব্দদূষণসংক্রান্ত অভিযোগ ও অসন্তোষ নিষ্পত্তির জন্য বিশেষ এবং স্বচ্ছ ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আদালত আরও বলেছেন, শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালার বিধান সম্পর্কে রেডিও, টেলিভিশন, সংবাদপত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণা চালাতে হবে।
এসব নির্দেশনা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশের মহাপরিদর্শক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ঢাকা মহানগর পুলিশ এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে।
নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রতি তিন মাস পর আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
রুলে শব্দদূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন সংবিধান পরিপন্থি, বেআইনি এবং জননিরাপত্তা ও জনস্বার্থবিরোধী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন আদালত।
পাশাপাশি নীরব এলাকা, নির্মাণকাজ, শিল্পপ্রতিষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, উৎসব ও যানবাহন থেকে সৃষ্ট শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রযোজ্য আইন, বিধিমালা ও বিল্ডিং কোড অনুসারে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।









