তৈরি পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়ে নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হবে আজ। রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বেলা ১১টায় এ বৈঠক হওয়ার কথা রয়েছে। এতে মালিকপক্ষ ১৫ থেকে ১৬ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিতে পারে বলে জানা গেছে।

এর আগে রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে শ্রমিকপক্ষ ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দেয়। তবে মালিকপক্ষ নিজেদের প্রস্তাব দেওয়ার জন্য চার দিন সময় চেয়েছিল। আজকের বৈঠকে সেই প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

পোশাকশিল্পের মালিকপক্ষের একাধিক সূত্রের বরাতে জানা গেছে, দরকষাকষির সুযোগ রাখতেই ১৫ থেকে ১৬ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। শ্রমিকপক্ষ যেমন আলোচনার শুরুতে ৩২ হাজার টাকার প্রস্তাব দিয়েছে, মালিকপক্ষও তেমনি তুলনামূলক কম প্রস্তাব দিয়ে আলোচনার সুযোগ রাখতে চায়।

মালিকপক্ষের একটি সূত্র জানায়, আগের মজুরি বোর্ডগুলোর রীতি অনুসরণ করে তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা শ্রমিকদের দেওয়ার সামর্থ্যের তুলনায় কিছুটা কম মজুরির প্রস্তাব করতে পারেন। এতে পরবর্তী বৈঠকগুলোতে দরকষাকষির মাধ্যমে প্রস্তাবিত মজুরি বাড়ানোর সুযোগ থাকবে। পাশাপাশি সরকার কোনো উদ্যোগ নিলে সেটিও বিবেচনায় নেওয়া হতে পারে।

এদিকে, মজুরি বৃদ্ধির আন্দোলন কিছুটা কমে এলেও কারখানা বন্ধের ঘটনা অব্যাহত রয়েছে। রোববার শ্রম আইনের ১৩(১) ধারা অনুসরণ করে মালিকপক্ষ ৬৫টি কারখানা বন্ধ ঘোষণা করেছে। আরও কিছু কারখানায় উৎপাদন শুরু হলেও শেষ পর্যন্ত সেগুলো বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ।