বাংলাদেশ সেনাবাহিনী থেকে ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন ও তাঁর স্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানমকে বরখাস্ত করা হয়েছে।
গত ১২ নভেম্বর সেনাসদরের সামরিক সচিবের শাখা থেকে এ বিষয়ে পৃথক দুটি আদেশ জারি করা হয়। আদেশ অনুযায়ী, আগামী ১৭ নভেম্বর বিকেল থেকে তাঁদের বরখাস্ত কার্যকর হবে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে তাঁদের সামরিক চাকরির মেয়াদ।
সেনা আইনের ১৬ ধারা এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুসারে এ আদেশ জারি করা হয়েছে। আদেশের শিরোনামে ‘অবসর আদেশ’ উল্লেখ থাকলেও চাকরি থেকে অব্যাহতির ধরন হিসেবে ‘চাকরি হতে বরখাস্ত’ লেখা হয়েছে।
সেনা আইনের ১৬ ধারা অনুযায়ী, কোর্ট মার্শাল ছাড়াও সরকার সংশ্লিষ্ট ব্যক্তিকে সেনাবাহিনীর চাকরি থেকে বরখাস্ত বা অপসারণ করতে পারে।
ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন বাংলাদেশ মিলিটারি একাডেমির ২৯তম দীর্ঘমেয়াদি কোর্সের কর্মকর্তা। তাঁর আদেশে সেনা আইন ও সংশ্লিষ্ট বিধিমালার উল্লেখ করে তাঁকে সেনাবাহিনীর চাকরি থেকে বরখাস্তের কথা জানানো হয়েছে।
অন্যদিকে, লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানমের আদেশেও একই আইনি বিধান উল্লেখ করে তাঁকে সেনাবাহিনীর চাকরি থেকে বরখাস্ত করার কথা বলা হয়েছে। তিনি সেনা কল্যাণ সংস্থায় কর্মরত ছিলেন।









