তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। সোমবার বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সোমবার সকালে বোর্ডের সচিব রাইসা আফরোজ এক নোটিশে সভা স্থগিতের বিষয়টি জানান। নোটিশে বলা হয়, অনিবার্য কারণে নির্ধারিত সময়ের সভাটি স্থগিত করা হয়েছে। শিগগিরই সভার নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে।

এদিনের সভায় মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাব দেওয়ার কথা ছিল।

এর আগে দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। সেদিন মালিকপক্ষ প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়েছিল। সে অনুযায়ী সোমবারের সভায় মালিকপক্ষ প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছিল।

বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষের মধ্যে সরকার নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাকশিল্পের জন্য পৃথক বোর্ড গঠন করে। এরপরও রাজধানীর মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এরপর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলে শ্রমিকরা কাজে ফিরতে শুরু করেন।

চলতি বছর শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে।

তৈরি পোশাকশ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি ঘোষণা করা হয় ২০২৩ সালের নভেম্বরে। নতুন মজুরি কার্যকর হয় পরের মাসে। সেই হিসাবে পোশাক খাতের বর্তমান নিম্নতম মজুরির মেয়াদ শেষ হওয়ার কথা চলতি নভেম্বরে।

২০২৩ সালে তৈরি পোশাক খাতে ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়। এতে মজুরি বেড়েছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ।