চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা ও গ্রেপ্তারের ঘটনায় মুখ খুলেছেন তার স্ত্রী মাসুমা আক্তার। তার দাবি, স্বামীর মোবাইল ফোন হ্যাক করে পরিকল্পিতভাবে তাকে ফাঁসানো হয়েছে।

রোববার চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব দাবি করেন তিনি।

মাসুমা আক্তার জানান, তার স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলে থাকতেন তিনি। তার বাবা ছিলেন একজন কৃষক। দরিদ্র পরিবার থেকে উঠে এসে লেখাপড়া ও নিজের যোগ্যতার ভিত্তিতেই পুলিশ বাহিনীতে চাকরি পেয়েছেন জাহাঙ্গীর আলম।

তার স্ত্রী বলেন, জাহাঙ্গীর আলমকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিচয় করানো হলেও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। মামলায় তার স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা দাবি করে মাসুমা বলেন, এসব অভিযোগের কোনোটি তিনি করেননি। তার মোবাইল ফোন হ্যাক করে তাকে ফাঁদে ফেলা হয়েছে।

স্বামীর সততা নিয়ে কথা বলতে গিয়ে মাসুমা আক্তার দাবি করেন, জাহাঙ্গীর আলমের আয়ের ওপর পরিবারের ১২ জন সদস্য নির্ভরশীল। আওয়ামী লীগ সরকারের আমলেও তিনি কোনো ধরনের বাড়তি সুবিধা নেননি; বরং সততার সঙ্গে চাকরি করে গেছেন।

এর আগে মোবাইল ফোনে আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা এবং এ লক্ষ্যে ‘জানবাজি রেখে মাঠে নামার’ বার্তা দেওয়ার অভিযোগ ওঠে এসপি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে তার বিরুদ্ধে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলা করেন আরআরএফের সহকারী পুলিশ সুপার আবুল কাশেম চৌধুরী।

গত শনিবার রাতে চট্টগ্রামের নাসিরাবাদ হাউজিং সোসাইটির অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তবে জাহাঙ্গীর আলমের স্ত্রীর দাবি, মোবাইল ফোন হ্যাক করে পরিকল্পিতভাবে তার স্বামীকে মামলায় জড়ানো হয়েছে।