বঙ্গোপসাগরে নতুন একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম ‘আকভান’। তবে আবহাওয়াবিদদের ধারণা, ঝড়টির বাংলাদেশ উপকূলে সরাসরি আঘাত হানার আশঙ্কা তুলনামূলক কম। তবে এর প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গভীর নিম্নচাপটি মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪২০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ৩৫০ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ৩৬৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

এর কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদদের ধারণা, ঘূর্ণিঝড়টি আরও কয়েক দিন সাগরে অবস্থান করে শক্তি সঞ্চয় করতে পারে। আবার সাগরে বৃষ্টিপাতের কারণে এটি দুর্বলও হয়ে যেতে পারে। দুর্বল অবস্থায় ঝড়টি ভারতের ওডিশা, অন্ধ্র প্রদেশ কিংবা তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হতে পারে। তবে ওডিশায় আঘাত হানলে এর প্রভাব বাংলাদেশেও পড়তে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, একটি ঘূর্ণিঝড়ের বিস্তৃতি সাধারণত ৩০০ থেকে ৬০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। সে কারণে ‘আকভান’-এর প্রভাবে ১৮ নভেম্বর থেকে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, ঘূর্ণিঝড় সৃষ্টির পর পরিস্থিতি বিবেচনায় সমুদ্রবন্দরগুলোর সতর্ক সংকেত পরিবর্তন করা হতে পারে।