যুক্তরাষ্ট্রের ভিসাপ্রত্যাশীদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ভিসা আবেদনে দেওয়া তথ্যের সত্যতা নিশ্চিত করার পাশাপাশি মধ্যস্বত্বভোগী বা এজেন্সির মাধ্যমে অতিরিক্ত অর্থ ব্যয় না করার নির্দেশনা দিয়েছে দূতাবাস।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ পরামর্শ জানায় মার্কিন দূতাবাস।

পোস্টে বলা হয়, ভিসা আবেদনে দেওয়া সব তথ্য সঠিক ও সত্য কি না, তা নিশ্চিত করার দায়িত্ব আবেদনকারীর নিজের। তাই নিজেই ভিসা সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে পরিবারের বিশ্বস্ত কোনো সদস্য বা বন্ধুর সহায়তাও নেওয়া যেতে পারে।

এ ছাড়া ভিসা প্রক্রিয়াকরণে মধ্যস্বত্বভোগী বা এজেন্সির ওপর নির্ভর না করার বিষয়ে সতর্ক করেছে দূতাবাস। ভিসা-সংক্রান্ত কাজে তৃতীয় পক্ষের সেবা নেওয়া এবং এ জন্য অতিরিক্ত ফি দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।