এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের খবর পাওয়া গেলে তাঁদের থানায় নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। এ জন্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের এলাকায় পালাক্রমে পাহারা দেওয়ার নির্দেশনাও দিয়েছেন তিনি।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ নির্দেশনা দেন তিনি।

পোস্টে ঢাকা-৬ আসনের অন্তর্গত ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ডের পাশাপাশি সূত্রাপুর, কোতোয়ালি, গেণ্ডারিয়া, ওয়ারী ও বংশাল এলাকার বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

নির্দেশনায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে মিছিলসহকারে পাহারা দেওয়ার জন্য ওয়ার্ড ও থানা বিএনপির সঙ্গে সমন্বয় করার কথা বলা হয়েছে।

পোস্টে আরও বলা হয়, কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের খবর পাওয়া গেলে তাঁদের থানায় নিয়ে যেতে হবে। এ কার্যক্রম দিন-রাত পালাক্রমে অব্যাহত রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এ নির্দেশনার মাধ্যমে ঢাকা-৬ আসনের আওতাধীন এলাকাগুলোতে দলীয় নেতাকর্মীদের নিরাপত্তা ও নজরদারি কার্যক্রম জোরদারের কথা জানিয়েছেন সংসদ সদস্য।