নানা প্রতিকূলতা ও দীর্ঘ কারিগরি পরীক্ষা-নিরীক্ষার পর অবশেষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে উৎপাদিত ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। এর মধ্য দিয়ে বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করল বাংলাদেশ।
মঙ্গলবার বিকেল ৩টায় কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়। এর আগে দুপুরে পরীক্ষামূলক সংযোগ কার্যক্রম পরিদর্শন করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
পরে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, পরীক্ষামূলক সংযোগের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও অনুমোদন শেষে বিকেল ৩টায় প্রথম ইউনিট থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে যুক্ত করা হয়েছে। এটি দেশবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষার ফল।
তিনি আরও বলেন, অত্যন্ত সফলভাবে পরীক্ষামূলক সংযোগ সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে বিদ্যুতের উৎপাদন বাড়ানো ও কমানোর মাধ্যমে তা ১ হাজার ২০০ মেগাওয়াটে উন্নীত করা হবে। আগামী বছরের জানুয়ারির শেষ অথবা ফেব্রুয়ারির প্রথম দিকে প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতার ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তি সচিব আনোয়ার হোসেন, প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদ হোসাইন এবং পাবনা জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক খাইরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিদ্যুৎ কেন্দ্র সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিক পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময় বিদ্যুৎ কেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পরীক্ষা করা হবে।
প্রাথমিক পরীক্ষা শেষে কেন্দ্রটি সাময়িকভাবে গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। এরপর প্রায় ২৮ ঘণ্টা বিরতি দিয়ে আবারও ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে কারিগরি ও পরিচালনসংক্রান্ত অন্যান্য পরীক্ষা চালানো হবে।
সব কারিগরি পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে পরবর্তী ধাপের কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) অনুমোদন নেওয়া হবে।
রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা শেষে প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে। এ পর্যায়ে প্রথম ইউনিটটি রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কাছে প্রাথমিকভাবে হস্তান্তর করা হবে। পরে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে পরিচালন সংস্থা হিসেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করবে।
এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়ার খবরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। তাদের আশা, বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে দেশের বিদ্যুৎ ঘাটতি কমার পাশাপাশি স্থানীয় পর্যায়ে লোডশেডিং ও বিদ্যুৎ সমস্যারও সমাধান হবে।
উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটের প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। সব মিলিয়ে কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।









