গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িতদের ভিডিও ফুটেজ, অডিও ও ছবি বিশ্লেষণ করে শনাক্ত করা হবে। পরে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছেন, পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছে, যাতে কোনো নিরীহ মানুষ গুলিতে নিহত না হন। তবে আত্মরক্ষার প্রয়োজনে এবং পরিস্থিতি বিবেচনায় বাহিনী প্রয়োজনীয় বল প্রয়োগ করবে। এ ক্ষেত্রে অতিরিক্ত বল প্রয়োগ করা হবে না।
জাতীয় সংসদের অধিবেশনে এক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে গোপালগঞ্জের পরিস্থিতি সম্পর্কে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, আওয়ামী লীগ ও তাদের সমর্থকেরা টুঙ্গিপাড়া থানায় হামলা চালিয়েছে। এ ছাড়া একজন সংসদ সদস্যের বাড়ি এবং বিএনপি ও অঙ্গসংগঠনের সমর্থকদের দোকানপাটেও হামলা করা হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, সীমান্তের ওপার থেকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তা দিয়ে বিভিন্ন এলাকায় আগুন দেওয়ার নির্দেশনা দিচ্ছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি পক্ষ চায় সরকার যেন তাদের মতো রাজপথে গুলি চালিয়ে মানুষ হত্যা করে। কিন্তু বর্তমান সরকার গণতান্ত্রিক সরকার। জনগণ রাজপথে আন্দোলনকারীদের হত্যা করা দেখতে চায় না।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা তুলে ধরে তিনি বলেন, সরকার নিরীহ মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কিছুটা সময় লাগলেও কোনো নিরপরাধ মানুষ যেন গুলিতে নিহত না হন, তা নিশ্চিত করতে চায় সরকার।
তিনি বলেন, প্রয়োজনে কয়েকজন অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কিছুদিন ধৈর্য ধরতে হলেও একজন নিরীহ মানুষের প্রাণহানি সরকার মেনে নেবে না। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আত্মরক্ষার প্রয়োজনে এবং পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় বল প্রয়োগ করবে। সরকার এখন পর্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে।









