জাতীয় পর্যায় থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যন্ত দেশের স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে চিকিৎসকদের দক্ষতা, আধুনিক জ্ঞান এবং উন্নত চিকিৎসা সরঞ্জামের যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
তিনি বলেছেন, চিকিৎসকদের দক্ষতা ও বিদ্যমান সম্পদের সঠিক প্রয়োগ দেশের বর্তমান স্বাস্থ্যব্যবস্থাকে শক্তিশালী করার পাশাপাশি ভবিষ্যতের জন্য আরও উন্নত করতে সহায়ক হবে।
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘সোসাইটি অব ইনটেনসিভিস্ট বাংলাদেশ’-এর প্রথম আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, জাতীয় পর্যায় থেকে জেলা ও উপজেলা পর্যন্ত স্বাস্থ্যব্যবস্থার পুনর্গঠন প্রয়োজন। এ ক্ষেত্রে চিকিৎসকদের দক্ষতা, জ্ঞান এবং ব্যবহৃত আধুনিক চিকিৎসা সরঞ্জাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
‘বাধাহীনভাবে নিবিড় পরিচর্যা সেবা সবার নাগালে পৌঁছে দেওয়া’ প্রতিপাদ্য নিয়ে দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং সংসদ সদস্য মাহমুদা হাবিবা।
অনুষ্ঠানে ওয়ার্ল্ড ফেডারেশন অব ইনটেনসিভ অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ারের প্রেসিডেন্ট ডা. হাভিয়ের পেরেজ ফার্নান্দেজসহ যুক্তরাষ্ট্র, ইউরোপ, এশিয়া-প্যাসিফিক অঞ্চল, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও সংযুক্ত আরব আমিরাতের ক্রিটিক্যাল কেয়ার সোসাইটির শীর্ষ পর্যায়ের প্রতিনিধি এবং বিশেষজ্ঞ চিকিৎসকেরা অংশ নেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, উন্নয়নশীল দেশগুলোতে নিবিড় পরিচর্যা বা ক্রিটিক্যাল কেয়ার বিষয়ে গবেষণার সক্ষমতা বাড়ানো, তরুণ গবেষক তৈরি এবং বৈশ্বিক চিকিৎসানীতিতে এসব দেশের অংশগ্রহণ নিশ্চিত করাই সম্মেলনের মূল লক্ষ্য।
সম্মেলনে দেশি-বিদেশি চিকিৎসক, গবেষক ও নীতিনির্ধারকেরা উপস্থিত ছিলেন।









