উত্তরের জেলাগুলোতে বাড়তে শুরু করেছে শীতের অনুভূতি। কয়েকটি উপজেলায় টানা তিন দিন সূর্যের দেখা মেলেনি। ভোররাত থেকে বয়ে চলা ঠান্ডা বাতাসে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে শ্রমজীবী মানুষ ও কৃষকদের ভোগান্তি বেড়েছে।
কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। আগের দিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে সেখানে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ থেকে ৩০ ডিগ্রি এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। সর্বশেষ আগের দিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি।
এদিকে নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আগের দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কমলেও কুয়াশার পরিমাণ বেড়েছে।
অগ্রহায়ণের শুরুতেই শীতের অনুভূতি বাড়ায় অনেকেই গরম কাপড় জড়িয়ে বাইরে বের হচ্ছেন। ঘন মেঘ ও শীতল বাতাসে বিপাকে পড়েছেন উত্তরের জনপদের মানুষ। সকালে মহাসড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। দিনের বেলায় সূর্যের দেখা না মেলায় স্বাভাবিক উষ্ণতাও অনুভূত হচ্ছে না।
বিশেষ করে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ পড়েছেন বেশি বিপাকে। ঠান্ডা উপেক্ষা করেই অনেক কৃষক উঠতি আমন ধান কাটতে মাঠে যাচ্ছেন। তবে মেঘলা আকাশ ও শীতল আবহাওয়ার কারণে কাজে দেরি হচ্ছে। অফিস-আদালতগামী মানুষ এবং শিক্ষার্থীদেরও সকালে বাইরে বের হতে ভোগান্তি পোহাতে হচ্ছে।
কুড়িগ্রামের স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। রাতে কুয়াশা পড়ছে এবং ভোরের দিকে শীতের তীব্রতা বাড়ছে। রিকশাচালক ও দিনমজুরদের ভাষ্য, মেঘলা আকাশ ও সূর্যের আলো না থাকায় কাজে স্বাভাবিক গতি রাখা কঠিন হয়ে পড়েছে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের পর্যবেক্ষণ অনুযায়ী, পঞ্চগড় ও আশপাশের এলাকায় বর্তমানে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আকাশ মেঘলা থাকছে। মেঘের কারণে সূর্যের আলো ভূপৃষ্ঠে পৌঁছাতে পারছে না। ফলে দিনের বেলাতেও ঠান্ডা অনুভূত হচ্ছে। অনেক সময় মেঘের সঙ্গে কুয়াশাও থাকছে, যার কারণে দৃষ্টিসীমা কমে যাচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যে শীতের প্রকোপ আরও বাড়তে পারে।
রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তরের জেলাগুলোতে তাপমাত্রা কমতে শুরু করেছে। এ অঞ্চলে শীতল বাতাস প্রবাহিত হওয়ার পাশাপাশি আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। আবহাওয়ার এ পরিস্থিতি আরও এক সপ্তাহ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।









