বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বায়ুমান সূচকে (একিউআই) ঢাকার স্কোর ২০৮, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমান সূচকে স্কোর ২৮৪।
বায়ুদূষণের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। শহরটির স্কোর ১৯৯। চতুর্থ স্থানে থাকা ভারতের রাজধানী দিল্লির স্কোর ১৮৩। পঞ্চম অবস্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু, যার স্কোর ১৭২।
সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে এসব চিত্র দেখা যায়।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচকে শূন্য থেকে ৫০ স্কোর হলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে তা মাঝারি বা সহনীয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোর হলে বাতাসের মান অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে দুর্যোগপূর্ণ হিসেবে গণ্য করা হয়।









