প্রবাসী বাংলাদেশিদের জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা ও সম্পদ দেশের উন্নয়নে কাজে লাগানোর উদ্যোগ ‘ব্রিজ টু বাংলাদেশ’ (বিটুবি)-এর দায়িত্ব স্বাধীন পরিচালনা পর্ষদের কাছে হস্তান্তর করেছে অক্সফাম ইন বাংলাদেশ। উদ্যোগটির স্বাধীন ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব হস্তান্তর করা হয়।
অক্সফাম ইন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজমেন্ট অ্যাডভাইজার ও ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর স্বাধীন পরিচালনা পর্ষদের কাছে উদ্যোগটির দায়িত্ব তুলে দেন। সাত সদস্যের এই পর্ষদে রয়েছেন বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তি, উন্নয়নকর্মী, শিক্ষাবিদ ও উদ্যোক্তারা।
এ উপলক্ষে ‘আনলকিং ডায়াসপোরা পটেনশিয়াল: ফ্রম কানেকশন টু পার্টনারশিপ’ শীর্ষক উচ্চপর্যায়ের সংলাপ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগালের ডাচেস অব কোইমব্রা।
অনুষ্ঠানে তিনি বলেন, প্রবাসীরা নিজেদের সাফল্য ও অভিজ্ঞতা তুলে ধরে নতুন প্রজন্মকে বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করতে পারেন। তারা কী কী অর্জন করতে সক্ষম, তা তুলে ধরার মাধ্যমে অন্যদের মধ্যেও আত্মবিশ্বাস তৈরি করতে পারেন।
বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ফারুক সোবহান বলেন, প্রবাসী বাংলাদেশিদের দেশের ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক ভাবমূর্তি তুলে ধরার দূত হিসেবে গড়ে তোলার উপায় খুঁজে বের করতে হবে।
প্যানেল আলোচনায় পর্তুগালের প্রতিনিধি দুয়ার্তে দে সুজা আরাউজো মার্টিন্স বলেন, দক্ষ জনশক্তিকে দেশে ধরে রাখা এবং বিদেশে চলে যাওয়া দক্ষ ব্যক্তিদের ফিরিয়ে আনা অগ্রাধিকার হওয়া উচিত। উপযুক্ত রাজস্বনীতি, কর-সুবিধা ও অন্যান্য সহায়ক পদক্ষেপের মাধ্যমে বিদেশে বসবাসরত দক্ষ পেশাজীবীদের দেশে ফিরে জাতীয় উন্নয়নে অবদান রাখতে উৎসাহিত করা সম্ভব।
ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি অ্যাবি ডেভিস বলেন, কূটনৈতিক ও উন্নয়নবিষয়ক দৃষ্টিভঙ্গি এ উদ্যোগে অবদান রাখতে পারে। তবে এর প্রকৃত শক্তি নির্ভর করছে এর সঙ্গে যুক্ত মানুষের সম্মিলিত অভিজ্ঞতা ও অংশগ্রহণের ওপর।
প্যানেল আলোচনায় আরও অংশ নেন বিভিন্ন ব্যবসায়ী ও উন্নয়ন খাতের প্রতিনিধিরা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিটুবির উপদেষ্টা পর্ষদের চেয়ার বিবি রাসেল। তিনি বলেন, গ্রামের মানুষের দক্ষতা বাড়ানো এবং তাদের মর্যাদা রক্ষায় কাজ করে যাচ্ছেন তিনি। বাংলাদেশের জন্য এ কাজ অব্যাহত রাখার কথাও জানান তিনি।
অক্সফাম ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর বলেন, নতুন স্বাধীন পরিচালনা পর্ষদের অধীনে প্রবাসী বাংলাদেশিরা দেশের মানুষের সঙ্গে যুক্ত হওয়ার পাশাপাশি নিজেদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন। এর মাধ্যমে দেশের উন্নয়নে প্রবাসীদের অবদান আরও কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক। এ ছাড়া আয়োজনে বিভিন্ন খাতের প্রতিনিধি ও অতিথিরা উপস্থিত ছিলেন।
বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা বাংলাদেশি প্রবাসীদের দেশের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে যুক্ত করতে প্রযুক্তিনির্ভর উদ্যোগ হিসেবে ‘ব্রিজ টু বাংলাদেশ’ গড়ে তোলা হয়েছে। এর লক্ষ্য প্রবাসীদের জ্ঞান, দক্ষতা, যোগাযোগ ও সম্পদ দেশের উন্নয়নে কাজে লাগানো। কমিউনিটি নেটওয়ার্ক, বেসরকারি সংস্থার সঙ্গে অংশীদারত্ব, পরামর্শ এবং জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে প্রবাসীদের আগ্রহকে সমন্বিত উদ্যোগে রূপ দিতে চায় প্ল্যাটফর্মটি।
২০২২ সালে ধারণা হিসেবে যাত্রা শুরু করা উদ্যোগটি ২০২৫ সালে লন্ডনে আনুষ্ঠানিকভাবে চালু হয়। পরে ঢাকায় এর পরীক্ষামূলক ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে কয়েকজন বিশিষ্ট অতিথি ও ক্রীড়াবিদকে সম্মাননা স্মারক দেওয়া হয়।









