এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) দেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিতে পারবে না। একই সঙ্গে রিটের রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বুধবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ নির্দেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেছেন আদালত।

চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় পাঁচ লাখ সাত হাজারের বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এক মাসের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে পুনরায় পরীক্ষায় অংশ নিতে পারবেন।

তবে পুনরায় পরীক্ষার ফল প্রকাশ হতে সময় লাগলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ হারানোর আশঙ্কা তৈরি হয়। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হাইকোর্টে রিট আবেদন করা হয়।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে ছয় লাখ ২১ হাজার ৯৬৯ জন ছাত্র এবং ছয় লাখ ৪৮ হাজার ৬১৪ জন ছাত্রী। অর্থাৎ ছাত্রদের তুলনায় ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী পরীক্ষায় অংশ নেন।