জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবায় হয়রানি ও দুর্নীতি বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, এনআইডি সেবা নিয়ে দুর্নীতি থেকে মুক্তি পেতে চায় নির্বাচন কমিশন। নাগরিকদের হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সমাধান বের করতে হবে।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম: বর্তমান ও উত্তরণ’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, এনআইডি সেবায় হয়রানির অভিযোগ তাঁকে অস্বস্তিতে ফেলে। এ ধরনের পরিস্থিতি কীভাবে বন্ধ করা যায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে এনআইডি কেন্দ্রিক দুর্নীতি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, যেকোনো চিঠি পাওয়ার পর সেটি গ্রহণের বিষয়টি নিশ্চিত করতে হবে, যাতে আবেদনের অগ্রগতি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়। জনসাধারণের কথা বিবেচনায় নিয়ে সমস্যার সমাধান বের করতে হবে। এ ক্ষেত্রে সঠিকভাবে আবেদন করার বিষয়ে নাগরিকদের মধ্যে সচেতনতা তৈরিও জরুরি।
সিইসি আরও বলেন, এনআইডি সংক্রান্ত দুর্নীতি নির্মূলে কমিশন জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে চায়। নাগরিকদের হয়রানির শিকার হওয়া বন্ধ করতে হবে।
কর্মশালায় নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, এনআইডি নিবন্ধনের সময় ফ্যামিলি ট্রি তৈরি এবং নবায়নের সময়ও একই প্রক্রিয়া চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শিগগিরই এ কার্যক্রম শুরু হবে।
তিনি বলেন, এনআইডি সংশোধন প্রক্রিয়ায় ওটিপি চালুর কাজ চলছে। কোনো তথ্য বা আবেদন বাতিল হলে তার কারণ সংশ্লিষ্ট নাগরিককে জানানো হবে, যাতে তিনি বুঝতে পারেন কেন আবেদনটি গ্রহণ করা সম্ভব হয়নি। এ জন্য সফটওয়্যারে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। নাগরিক সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি।
এ সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে ১৭ লাখের বেশি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে প্রায় ১৪ লাখ আবেদন গ্রহণ করা হয়েছে এবং আনুমানিক তিন লাখ আবেদন বাতিল হয়েছে।









