জমি ও স্থাবর সম্পত্তি নিবন্ধনে বাজারমূল্য নির্ধারণের নতুন পদ্ধতি আগামী ১ জানুয়ারি থেকে সারা দেশে কার্যকর হচ্ছে। এ লক্ষ্যে ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত তিন বছরের জন্য মৌজা ও জমির শ্রেণিভিত্তিক নতুন বাজারমূল্য নির্ধারণের উদ্যোগ নিয়েছে নিবন্ধন অধিদপ্তর। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নতুন মূল্যতালিকা প্রস্তুত করে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কমিটিগুলোকে নতুন বাজারমূল্যের তালিকা তৈরি করে নিবন্ধন মহাপরিদর্শকের কাছে পাঠাতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম শেষ করতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারদের।

নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শকের স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে, সম্পত্তির সর্বনিম্ন বাজারমূল্য নির্ধারণ বিধিমালা, ২০১০ সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সংশোধিত বিধিমালায় বাজারমূল্য নির্ধারণ কমিটির কাঠামো ও মূল্য নির্ধারণ পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে।

নতুন বিধিমালা অনুযায়ী, বিভাগীয় ও জেলা পর্যায়ের বাজারমূল্য নির্ধারণ কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট জেলার জেলা রেজিস্ট্রার। উপজেলা পর্যায়ের কমিটির সদস্য-সচিব থাকবেন সংশ্লিষ্ট উপজেলার সাব-রেজিস্ট্রার।

বর্তমানে ২০২৫-২০২৬ সালের জন্য নির্ধারিত স্থাবর সম্পত্তির শ্রেণিভিত্তিক বাজারমূল্য তালিকার মেয়াদ ৩১ ডিসেম্বর শেষ হবে। এ কারণে নতুন মূল্যতালিকা প্রস্তুত ও অনুমোদনের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, দেশের সব বিভাগ, জেলা ও উপজেলার স্থাবর সম্পত্তির মৌজা ও শ্রেণিভিত্তিক বাজারমূল্য নির্ধারণ করে তালিকা প্রস্তুত করতে হবে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে এসব তালিকা নিবন্ধন মহাপরিদর্শকের কাছে পাঠাতে হবে। অনুমোদনের পর নতুন মূল্যতালিকা ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে সারা দেশে একযোগে কার্যকর হবে।

সংশোধিত বিধিমালায় জমির বাজারমূল্য নির্ধারণের ক্ষেত্রে আগের নিবন্ধিত দলিলের মূল্য ছাড়াও স্থানীয় বাজারদর, সাম্প্রতিক জমি কেনাবেচা, জমির অবস্থান, যোগাযোগব্যবস্থা, অবকাঠামোগত সুবিধা এবং গণশুনানিতে পাওয়া তথ্য বিবেচনায় নেওয়ার বিধান রাখা হয়েছে।

এ ছাড়া একই মৌজার বৈশিষ্ট্য অনুযায়ী জমিকে একাধিক ক্লাস্টারে ভাগ করে পৃথক বাজারমূল্য নির্ধারণের সুযোগ রাখা হয়েছে। নতুন ব্যবস্থায় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে তিন স্তরের কমিটি জমির বাজারমূল্য নির্ধারণ করবে। আগের ব্যবস্থায় জেলা রেজিস্ট্রারের নেতৃত্বাধীন কমিটি এ দায়িত্ব পালন করত।