জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হন মেঘনা আলম। বেলা সোয়া ১১টার দিকে তিনি কার্যালয় থেকে বেরিয়ে যান।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম তাঁর জিজ্ঞাসাবাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক ও দুই সদস্যের অনুসন্ধান দলের প্রধান সুমিত্রা সেন তাঁকে হাজির হওয়ার জন্য তলবি চিঠি পাঠান। ওই চিঠিতে অভিযোগ অনুসন্ধানের স্বার্থে উপস্থিত হয়ে বক্তব্য দেওয়ার অনুরোধ জানানো হয়।

দুদক সূত্রে জানা গেছে, কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামির ও মেঘনা আলমের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং তা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে অনুসন্ধান করছে কমিশন।

মডেলিংয়ের পাশাপাশি উদ্যোক্তা ও রাজনীতির সঙ্গে যুক্ত মেঘনা আলম ২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ খেতাব অর্জন করে আলোচনায় আসেন। তিনি ‘মিস বাংলাদেশ ফাউন্ডেশন’-এর চেয়ারপারসন এবং ‘একত্র ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি গণঅধিকার পরিষদের মনোনয়নে ঢাকা-৮ আসনে ‘ট্রাক’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

তবে দুদকের অনুসন্ধানাধীন অভিযোগগুলো এখনো প্রমাণিত নয়।