ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে তাঁকে দেশে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক, প্রশাসনিক ও আইনি পদক্ষেপসহ সাত দফা প্রস্তাব তুলে ধরা হয়েছে।
জনস্বার্থে সুপ্রিম কোর্টের এক আইনজীবী বুধবার সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে এ নোটিশ পাঠান। এতে বলা হয়েছে, শেখ হাসিনাকে কূটনৈতিক প্রক্রিয়ায় ভারত থেকে ফিরিয়ে এনে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ, দেশে ফেরার পর কারা হেফাজতে রাখা এবং পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসরণের উদ্যোগ নিতে হবে।
নোটিশদাতা উল্লেখ করেছেন, কোনো রাজনৈতিক দল, বর্তমান সরকার কিংবা সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে অবস্থান নিয়ে তিনি এ উদ্যোগ নেননি। সংবিধানের ২১(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জননিরাপত্তা রক্ষার স্বার্থে একজন নাগরিক হিসেবে নিরপেক্ষ অবস্থান থেকে নোটিশটি পাঠানো হয়েছে।
নোটিশে শেখ হাসিনার ভারতে দীর্ঘদিন অবস্থানের কারণে রাষ্ট্রীয় গোপনীয়তা ও জাতীয় নিরাপত্তার সম্ভাব্য ঝুঁকির বিষয়টি তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, দীর্ঘ সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করায় দেশের প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রোটোকল ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত সংবেদনশীল তথ্য সম্পর্কে তাঁর জানাশোনা রয়েছে। প্রতিবেশী দেশে তাঁর দীর্ঘ অবস্থান এসব তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করতে পারে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া বিভিন্ন দেশের ক্ষমতাচ্যুত রাষ্ট্রপ্রধানের বিদেশে অবস্থানের উদাহরণ তুলে ধরে নোটিশে বলা হয়েছে, এ ধরনের পরিস্থিতি কখনো কখনো আঞ্চলিক ভূরাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্ভাব্য কূটনৈতিক বৈরিতা এবং সশস্ত্র সংঘাতের ঝুঁকি এড়াতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মত দিয়েছেন নোটিশদাতা।
মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে।
১৫ দিনের সময়, রিটের হুঁশিয়ারি
নোটিশে আগামী ১৫ দিনের মধ্যে প্রস্তাবিত কূটনৈতিক, প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করে লিখিতভাবে নোটিশদাতাকে অবহিত করার দাবি জানানো হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে রাষ্ট্রীয় গোপনীয়তা, জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব ও সংবিধানপ্রদত্ত অধিকার রক্ষার স্বার্থে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে জনস্বার্থে রিট আবেদন করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
সাত দফা প্রস্তাব
নোটিশে প্রথম প্রস্তাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক কূটনৈতিক পত্র পাঠিয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে সহযোগিতা চাওয়ার কথা বলা হয়েছে।
দ্বিতীয় প্রস্তাবে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে তাঁর প্রবেশ ও আত্মসমর্পণের সুযোগ তৈরির কথা উল্লেখ করা হয়েছে। এ ক্ষেত্রে ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন অনুযায়ী হাইকমিশন প্রাঙ্গণের কূটনৈতিক সুরক্ষার বিষয়টি তুলে ধরা হয়েছে।
তৃতীয় প্রস্তাবে হাইকমিশন প্রাঙ্গণে আত্মসমর্পণের পর বাংলাদেশ পুলিশের একটি বিশেষ দল পাঠিয়ে তাঁকে আইনানুগভাবে গ্রেপ্তার ও হেফাজতে নেওয়ার কথা বলা হয়েছে।
চতুর্থ প্রস্তাবে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ট্রাভেল পাস বা ট্রাভেল পারমিট ইস্যু করে পুলিশের নিরাপত্তায় বাণিজ্যিক ফ্লাইট অথবা বিশেষ উড়োজাহাজে তাঁকে দেশে ফিরিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে।
পঞ্চম প্রস্তাবে দেশে ফেরার পর জনশৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাঁর পৈতৃক বাড়িকে বিশেষ উপকারাগার বা ‘সাব-জেল’ ঘোষণা করার কথা বলা হয়েছে। এ জন্য কারা আইন ও জেল কোড অনুযায়ী সরকারি প্রজ্ঞাপন জারির প্রস্তাব রয়েছে। ঢাকায় অবতরণের পর বিমানবন্দর থেকে হেলিকপ্টারে তাঁকে সেখানে নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
ষষ্ঠ প্রস্তাবে দেশে ফেরার পর আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারা অনুযায়ী আপিলের অধিকার প্রয়োগের বিষয়টি বিবেচনার কথা বলা হয়েছে। নোটিশে বলা হয়, এ ধারায় আপিল দায়েরের জন্য ৩০ দিনের সময়সীমা রয়েছে। তবে উপযুক্ত কারণ দেখিয়ে বিলম্ব মার্জনার মাধ্যমে আপিল শুনানির সুযোগ আছে কি না, তা আদালতের বিবেচনার বিষয়।
সপ্তম প্রস্তাবে শেখ হাসিনার বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে বিচারাধীন অন্যান্য দেওয়ানি ও ফৌজদারি মামলার কার্যক্রম নিরাপত্তার প্রয়োজনে ভার্চুয়াল পদ্ধতিতে পরিচালনার কথা বলা হয়েছে। এ ক্ষেত্রে আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ অনুসরণের প্রস্তাব দেওয়া হয়েছে। সব আইনি প্রক্রিয়া শেষে আদালতের চূড়ান্ত রায় ও আদেশ কার্যকর করার দাবিও জানানো হয়েছে।
উল্লেখ্য, নোটিশে তুলে ধরা সাত দফা আইনজীবীর প্রস্তাব; এগুলো সরকারের গৃহীত সিদ্ধান্ত বা আদালতের নির্দেশ নয়।









