বন্দুক, যুদ্ধবিমান কিংবা বোমা ছাড়াই বাংলাদেশ ও ভারতের মধ্যে এক ধরনের কূটনৈতিক ও রাজনৈতিক টানাপোড়েন চলছে। এই পরিস্থিতির কেন্দ্রে রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অবস্থানও এ সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে ক্রমেই অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়ছে নয়াদিল্লি।
২০২৪ সালের ৫ আগস্ট সামরিক বিমানে ঢাকা ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে তাঁকে ভারতের অজ্ঞাত একটি স্থানে কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। রাজনৈতিকভাবে তিনি অনেকটা বিচ্ছিন্ন এবং সাবেক সহকর্মীদের সঙ্গে তাঁর যোগাযোগও সীমিত বলে বিভিন্ন সূত্রের বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
হাসিনার ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি, তিনি দেশে ফিরতে চান। পাসপোর্ট নবায়ন ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার বিষয়ে তাঁর সাম্প্রতিক তৎপরতাও দেশে ফেরার আগ্রহের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে। তবে বাংলাদেশে তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। কারণ, তাঁর সরকারের পতন হয়েছিল ব্যাপক গণবিক্ষোভের মধ্য দিয়ে।
অন্যদিকে, তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিতে চায়। তবে এ ক্ষেত্রে প্রত্যর্পণ প্রক্রিয়ার ওপর গুরুত্ব দিচ্ছে ঢাকা। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দিয়েছেন।
এ পরিস্থিতিতে ভারত একাধিক কূটনৈতিক জটিলতার মুখে পড়েছে। একদিকে শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করা, অন্যদিকে তাঁর দেশে ফেরার আকাঙ্ক্ষা এবং বাংলাদেশের বর্তমান সরকারের প্রত্যর্পণসংক্রান্ত অবস্থান—সবকিছু সামাল দিতে হচ্ছে নয়াদিল্লিকে।
জ্যেষ্ঠ কূটনৈতিক সূত্রের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে অন্য কোনো দেশে সরিয়ে নেওয়ার সম্ভাবনাও খতিয়ে দেখেছে ভারত। তবে তাঁকে আশ্রয় দিতে রাজি এমন দেশ খুঁজে পাওয়া কঠিন হয়েছে।
আরেকটি বিকল্প হিসেবে বাংলাদেশকে সরাসরি বার্তা দিয়েছে নয়াদিল্লি। ভারতের বক্তব্য, বাংলাদেশই শেখ হাসিনাকে ভারতে পাঠিয়েছিল, তাই এখন তাঁকে ফিরিয়ে নেওয়ার দায়িত্বও বাংলাদেশের।
হাসিনার ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি, মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না—এমন নিশ্চয়তা দিয়ে তাঁকে দেশে ফেরানোর বিষয়ে ঢাকার সঙ্গে আলোচনার উদ্যোগ নিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
চীনের সঙ্গে তারেক রহমানের ঘনিষ্ঠতা, উদ্বেগে ভারত
এই পরিস্থিতির মধ্যেই চীন, পাকিস্তান ও তুরস্কের সঙ্গে সম্পর্ক জোরদারে উদ্যোগী হয়েছে বাংলাদেশের নতুন সরকার। বিষয়টি ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সম্প্রতি পাকিস্তানের একটি সামরিক প্রতিনিধিদল বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদান, সীমান্ত নিরাপত্তা, যৌথ সামরিক মহড়া ও প্রশিক্ষণ নিয়ে আলোচনা করেছে।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর পাকিস্তানের সঙ্গে যে ঐতিহাসিক দূরত্ব তৈরি হয়েছিল, সাম্প্রতিক সামরিক যোগাযোগে তা কমে আসার ইঙ্গিত দেখা যাচ্ছে। ফলে দক্ষিণ এশিয়ায় নিজেদের কূটনৈতিক ও নিরাপত্তাগত অবস্থান নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে ভারতকে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রিকে পরিস্থিতি সামাল দিতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পররাষ্ট্র মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিবেদন পাঠাচ্ছেন বলেও কয়েকটি সূত্রের দাবি তুলে ধরা হয়েছে।
সব মিলিয়ে শেখ হাসিনাকে ঘিরে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন নতুন মাত্রা পেয়েছে। সরাসরি কোনো সামরিক সংঘাত না থাকলেও দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তার, নিরাপত্তা এবং ভবিষ্যৎ শক্তির ভারসাম্য নিয়ে দুই দেশের মধ্যে এক ধরনের ‘ছায়াযুদ্ধ’ চলছে বলে প্রতিবেদনে বিশ্লেষণ করা হয়েছে।









