জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়া এবং বিদ্রোহী প্রার্থীদের সমর্থন করায় বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। এ প্রক্রিয়ায় পাঁচ শতাধিক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হতে পারে। তাদের মধ্যে ধানের শীষের বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়া অন্তত ৭০ জন বিদ্রোহী প্রার্থীও রয়েছেন। ইতিমধ্যে কয়েকজন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বাকিদের বিষয়ে পর্যায়ক্রমে সিদ্ধান্ত নেওয়া হবে।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূলের বিরোধ মেটানো এবং সাংগঠনিক শক্তি বাড়াতে এ উদ্যোগ নিয়েছে দলটি। বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতার বরাতে জানা গেছে, গুরুত্বপূর্ণ ৭০ বিদ্রোহী প্রার্থীকে শিগগিরই দলে ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে তাদের সমর্থন করায় বহিষ্কৃত তৃণমূলের পাঁচ শতাধিক নেতার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।
ইতিমধ্যে নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছিল। এর আগে নড়াইল সদর, পৌর ও লোহাগড়া বিএনপির ছয় নেতার বহিষ্কারাদেশও প্রত্যাহার করা হয়।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির অন্তত ৭০ জন নেতা ধানের শীষের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় তাদের বহিষ্কার করা হয়। পাশাপাশি বিদ্রোহী প্রার্থীদের সমর্থন করায় তৃণমূলের আরও পাঁচ শতাধিক নেতাকে বহিষ্কার করে দলটি। পরে তাদের অধিকাংশই দলে ফেরার আবেদন করেন।
বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সাতজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তারা হলেন ব্যারিস্টার রুমিন ফারহানা, লুৎফর রহমান খান আজাদ, শেখ মজিবুর রহমান ইকবাল, আব্দুল হান্নান, আতিকুল আলম শাওন, সালমান ওমর রুবেল ও এ জেড এম রেজওয়ানুল হক।
এদিকে বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর প্রক্রিয়ার মধ্যে দলীয় কর্মসূচিতেও কয়েকজন নেতার উপস্থিতি দেখা যাচ্ছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরবকে দেখা যায়। এ সময় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে ডেকে শোভাযাত্রায় সঙ্গে নেন।
এ বিষয়ে সাইফুল আলম নিরব বলেন, দলে তার পদ-পদবি থাকুক বা না থাকুক, বহিষ্কারাদেশ প্রত্যাহার হোক কিংবা না হোক, তিনি বিএনপিতেই থাকবেন।
বহিষ্কৃত নেতাদের অনেকে ইতিমধ্যে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। দলে ফিরতে না পারলে তাদের কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হওয়ার পরিকল্পনাও করছেন। বিএনপির নীতিনির্ধারকদের ধারণা, তৃণমূলের বিরোধ মিটিয়ে একক প্রার্থী নিশ্চিত করা গেলে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় ঐক্য বজায় রাখা সহজ হবে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বহিষ্কৃত নেতাদের প্রায় সবাই নিজেদের ভুল স্বীকার করে দলে ফেরার আবেদন করেছেন। তবে প্রতিটি আবেদনের প্রেক্ষাপট এক নয়। স্থানীয় বাস্তবতা বিবেচনায় যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার জরুরি কিংবা যাদের অপরাধ তুলনামূলক কম গুরুতর, তাদের আবেদন গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
নড়াইলের সাবেক জেলা বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়ে তিনি বলেন, এলাকায় ওই নেতা জনপ্রিয় ও প্রভাবশালী। জোটের কারণে তাকে নড়াইল-২ আসনে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। বিষয়টি বিবেচনা করেই বিএনপি চেয়ারম্যান তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।








