দেশকে আবারও তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র প্রতিহত করতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনায় ঐক্যবদ্ধ থেকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, পলাতক ফ্যাসিস্ট চক্র দেশের স্বাস্থ্য খাতের মতো তৈরি পোশাকশিল্পকেও ধ্বংস করে অন্য একটি দেশের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করছে। তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণ আর কোনো তাঁবেদার শক্তিকে মাথা তুলে দাঁড়াতে দেবে না।

খালেদা জিয়ার দেওয়া ঐতিহাসিক স্লোগান স্মরণ করে তিনি বলেন, ‘আজ আবারও সেই আওয়াজ তুলে বলতে চাই, ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।’

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি দেশের চলমান পরিস্থিতি, পোশাকশিল্পে অস্থিরতা, সুষম উন্নয়ন এবং পলাতক অপশক্তির ষড়যন্ত্র নিয়ে বক্তব্য দেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে। এভাবে এগিয়ে যেতে পারলে ভবিষ্যতে কেউ বাংলাদেশকে আর তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না। গণতন্ত্র ও সমৃদ্ধি একে অপরের পরিপূরক উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র সমৃদ্ধির পথ সুগম করে, আর সমৃদ্ধি গণতন্ত্রের ভিত্তিকে আরও শক্তিশালী করে।

সাম্প্রতিক সময়ে তৈরি পোশাকশিল্পে অস্থিরতা তৈরির অপচেষ্টাকে পরাজিত ও পলাতক অপশক্তির ষড়যন্ত্রের অংশ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যেভাবে অতীতে দেশের স্বাস্থ্য খাতকে পরনির্ভরশীল করে মানুষকে একটি বিশেষ দেশে চিকিৎসা নিতে বাধ্য করা হয়েছিল, একইভাবে দীর্ঘদিন ধরে শ্রমিক ও মালিকদের শ্রমে-ঘামে গড়ে ওঠা সমৃদ্ধ গার্মেন্টস শিল্প ধ্বংসের চেষ্টা চলছে।

এই শিল্প ধ্বংস করে এর সুবিধা অন্য কোনো দেশের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে কি না, তা ভেবে দেখার আহ্বান জানান তিনি।

পোশাকশ্রমিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে সরকার অবগত রয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে শিগগিরই সর্বনিম্ন মজুরি ঘোষণা করা হবে। নতুন বেতন কাঠামো অনুযায়ী শ্রমিকরা বেতন পাবেন বলেও আশ্বাস দেন তিনি।

সরকার ও মালিকপক্ষ বেতন পরিশোধে আন্তরিক উল্লেখ করে তিনি বিদেশে পলাতক একটি গোষ্ঠীর উসকানিতে কারখানা ভাঙচুর ও অগ্নিসংযোগ থেকে বিরত থাকার আহ্বান জানান।

শ্রমিকদের উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, কারখানাই যদি নষ্ট করে ফেলা হয়, তাহলে বেতন আসবে কোথা থেকে? পলাতক চক্র দেশের মানুষের অর্থসম্পদ লুট করে বিদেশে বিলাসী জীবনযাপন করছে অভিযোগ করে তিনি শ্রমিকদের কোনো ধরনের উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে নিজেদের জীবন ও জীবিকার উৎস কর্মস্থল রক্ষার অনুরোধ করেন।

দেশের সামগ্রিক উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, জনগণের নির্বাচিত সংসদ ও সরকার একটি নিরাপদ, স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছে। এলাকাভিত্তিক সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

অবহেলিত রংপুরের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বিরোধী দলের একজন সংসদ সদস্যের বক্তব্যেই ওই অঞ্চলের উন্নয়নে সরকারের প্রচেষ্টার বিষয়টি উঠে এসেছে। এর মাধ্যমে প্রমাণিত হয়, সরকার সারা দেশে সুষম উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে।

মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে লাখো প্রাণের বিনিময়ে এবং ২০২৪ সালে হাজারো প্রাণের বিনিময়ে এ দেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছে। কারও বশ্যতা মেনে নেওয়ার জন্য এ দেশের মানুষ স্বাধীনতা অর্জন বা রক্ষা করেনি।

পতিত স্বৈরাচারের প্রত্যাবর্তন ঠেকানো এবং তাঁবেদারি রুখে দিতে সংসদের ভেতরে ও বাইরে থাকা সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, তাঁবেদার শক্তি মাথা তুলে দাঁড়ানোর আগেই দেশের গণতন্ত্রকামী জনগণ তাদের বিষদাঁত ভেঙে দেবে। একই সঙ্গে স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌম সংসদ রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

অধিবেশন সফলভাবে পরিচালনার জন্য স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রিসভার সদস্য, চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা এবং সংসদ সদস্যদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।