সারা দেশে নয় দিনে গ্রামীণ ব্যাংকের ৩৭টি শাখা ও কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ব্যাংকের বিভিন্ন শাখার গুরুত্বপূর্ণ নথি, আসবাবপত্র, সাইনবোর্ড ও প্রয়োজনীয় সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো কর্মকর্তা-কর্মচারী হতাহত হননি।

ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ১০ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় এসব হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ধারাবাহিক এসব ঘটনার পর প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থান নিয়েছে।

ব্যাংকটির অভ্যন্তরীণ প্রতিবেদন অনুযায়ী, ১৭ ও ১৮ নভেম্বর মাত্র দুই দিনেই ১৬টি শাখা ও কার্যালয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সব মিলিয়ে নয় দিনে হামলার শিকার হয়েছে ৩৭টি শাখা ও কার্যালয়।

প্রতিবেদনে আরও বলা হয়, দুর্বৃত্তরা বিভিন্ন কৌশলে এসব নাশকতা চালিয়েছে। কোথাও পেট্রোল ঢেলে শাখার মূল ফটক ও দরজায় আগুন দেওয়া হয়েছে। আবার কোথাও পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে অফিসের দেয়াল ও প্রবেশপথে।

এ ছাড়া লাঠিতে কাপড় পেঁচিয়ে তাতে কেরোসিন বা পেট্রোল ঢেলে বিভিন্ন শাখার সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। এসব হামলায় ব্যাংকের সাইনবোর্ড, গুরুত্বপূর্ণ নথিপত্র, কালেকশন শিট, সদস্যদের পাসবুক, আসবাবপত্র ও সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেছে।

ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ক্ষতিগ্রস্ত শাখা ও কার্যালয় পরিদর্শন করেছেন। পাশাপাশি ঘটনাস্থল থেকে প্রাথমিক আলামত সংগ্রহ করা হয়েছে। কয়েকটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ব্যাংকটির যেসব জোন ও এলাকায় হামলা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে শেরপুর, কক্সবাজার, মাদারীপুর, দিনাজপুর, নওগাঁ, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, নীলফামারী, নেত্রকোনা, কিশোরগঞ্জ, গাজীপুর, সিলেট, রংপুর, রাজশাহী, টাঙ্গাইল, পাবনা, পিরোজপুর, হবিগঞ্জ ও ফরিদপুর।

ধারাবাহিক এসব হামলার ঘটনায় ব্যাংকের শাখাগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে নাশকতার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।