পোশাকশ্রমিকদের কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে নিজেদের কর্মস্থল ও গার্মেন্টস কারখানা রক্ষায় সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, যে কর্মস্থল শ্রমিকদের জীবিকা নির্বাহের ব্যবস্থা করে, সেই কর্মস্থল ধ্বংস করলে তাদের বেতন আসবে কোথা থেকে?

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে পোশাকশ্রমিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিশ্বাস করে, গণতন্ত্র ও সমৃদ্ধি একে অপরের পরিপূরক। গণতন্ত্র সমৃদ্ধির পথ প্রশস্ত করে, আর সমৃদ্ধি গণতন্ত্রের ভিত্তিকে আরও সুদৃঢ় করে।

তিনি অভিযোগ করেন, পরাজিত ফ্যাসিস্ট অপশক্তি গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। সাম্প্রতিক সময়ে দেশের তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা সেই ষড়যন্ত্রেরই অংশ বলে জনগণ মনে করে। বিরোধীদলীয় নেতাও সংসদে তার বক্তব্যে বিষয়টি তুলে ধরেছেন।

অতীতে পতিত ফ্যাসিস্ট চক্র দেশের স্বাস্থ্য খাতকে পরনির্ভরশীল করে একটি বিশেষ দেশের ওপর নির্ভরশীল করে তুলেছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এখন দেশের গার্মেন্টস শিল্প ধ্বংসেরও পাঁয়তারা চলছে। এর মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ এ শিল্পের সুবিধা অন্য কোনো দেশের হাতে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে কি না, তা ভেবে দেখার সময় এসেছে।

তিনি বলেন, গত ৫০ বছরে দেশের শ্রমিক ও মালিকদের সম্মিলিত প্রচেষ্টায় তৈরি পোশাকশিল্প একটি সমৃদ্ধ খাতে পরিণত হয়েছে। এ শিল্পে কর্মরত শ্রমিকদের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে সরকার সম্পূর্ণ অবগত রয়েছে।

সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে শিগগিরই মজুরি কমিশন সর্বনিম্ন মজুরি ঘোষণা করবে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, নতুন বেতন কাঠামো অনুযায়ী পোশাকশ্রমিকরা বেতন পাবেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিদেশে অবস্থানরত পলাতক সন্ত্রাসী চক্রের উসকানিতে যেসব শ্রমিক নিজেদের কর্মস্থলে ভাঙচুর করছেন কিংবা আগুন দিচ্ছেন, তারা আসলে নিজেদেরই ক্ষতি করছেন।

শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, তিলে তিলে শ্রমিকরাই এ শিল্প গড়ে তুলেছেন। তাই কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে যে কর্মস্থল তাদের জীবিকার সংস্থান করে, সেটিও রক্ষা করতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পতিত চক্র দেশের মানুষের অর্থ-সম্পদ লুটপাট করে বিদেশে বিলাসী জীবনযাপন করছে। অথচ তাদের উসকানিতে কারখানা ধ্বংস হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন দেশের শ্রমিকরাই।

দেশ পুনর্গঠনের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণের নির্বাচিত সংসদ ও সরকার বর্তমানে বাংলাদেশ পুনর্গঠনের কাজ করছে। দেশের মানুষ নিজেদের বিভিন্ন সমস্যার সমাধান এবং একটি নিরাপদ, স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যাশা নিয়ে জনপ্রতিনিধিদের সংসদে পাঠিয়েছেন।

তিনি বলেন, জনগণ তাদের সমস্যা সমাধানের প্রত্যাশা নিয়ে সংসদ ও সরকারের দিকে তাকিয়ে রয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার প্রতিটি এলাকার সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সেগুলোর সমাধানে পদক্ষেপ নিচ্ছে।

এর আগে বিকেলে ডেপুটি স্পিকারের সভাপতিত্বে সংসদের চতুর্থ অধিবেশনের কার্যক্রম শুরু হয়। অধিবেশনটি শুরু হয়েছিল ৯ নভেম্বর। কার্যউপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংক্ষিপ্ত এ অধিবেশন প্রধানমন্ত্রীর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।