নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দিতে অতিরিক্ত অর্থের প্রয়োজন আগের হিসাবের তুলনায় দ্বিগুণেরও বেশি বেড়েছে। নতুন করে হিসাব করার পর দেখা গেছে, ১২ মাসে এ খাতে অতিরিক্ত ৬ হাজার ৮৯৫ কোটি ৪৪ লাখ ৭৯ হাজার ৯৬৪ টাকা প্রয়োজন হবে। বেতন-ভাতার হিসাব তৈরিতে বড় ধরনের ভুল ধরা পড়ার পর সংশোধিত হিসাব তৈরি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এর আগে নবম পে-স্কেল অনুযায়ী স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতন দিতে অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ চেয়েছিল মাউশি। তবে ওই হিসাবে বড় ধরনের অসংগতি ধরা পড়ে। পরে সংশোধিত হিসাবে অতিরিক্ত অর্থের পরিমাণ বেড়ে ৬ হাজার ৮০০ কোটি টাকা ছাড়িয়ে যায়।

হিসাবের ভুলের বিষয়টি সম্প্রতি চিঠির মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়কে জানায় অর্থ বিভাগ। এরপর শিক্ষা মন্ত্রণালয় থেকে মাউশিকে নতুন করে হিসাব তৈরি করে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী সংশোধিত হিসাব বিবরণী মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠিয়েছে অধিদপ্তর।

নতুন হিসাব অনুযায়ী, ১২ মাসের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রয়োজন হবে। এর মধ্যে সাত মাসের বকেয়া বেতন এবং পাঁচ মাসের নিয়মিত বেতনের হিসাব অন্তর্ভুক্ত রয়েছে। সব মিলিয়ে স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য প্রয়োজন হবে ৬ হাজার ৮৯৫ কোটি ৪৪ লাখ ৭৯ হাজার ৯৬৪ টাকা।

হিসাব বিবরণী অনুযায়ী, নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন হলে স্কুলের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দিতে প্রয়োজন হবে ৫ হাজার ৯৪ কোটি ১৮ লাখ ৯২ হাজার ৩৬৯ টাকা। অন্যদিকে কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য প্রয়োজন হবে ১ হাজার ৮০১ কোটি ২৫ লাখ ৮৭ হাজার ৫৯৫ টাকা।

মাউশির এক কর্মকর্তা জানিয়েছেন, নতুন করে হিসাব তৈরির কাজ শেষ করে সংশোধিত বিবরণী সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে।

বেতন-ভাতার হিসাব তৈরিতে ভুলের কারণ সম্পর্কে তিনি জানান, সংশ্লিষ্ট তথ্য পাঁচ দিয়ে গুণ করার কথা থাকলেও হিসাব তৈরির সময় তার চেয়ে কম সংখ্যা দিয়ে গুণ করা হয়েছিল। এ কারণেই আগের হিসাবে বড় ধরনের পার্থক্য তৈরি হয়।

সংশোধিত হিসাব জমা দেওয়ার পর এখন নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ অতিরিক্ত বরাদ্দের বিষয়টি পরবর্তী প্রক্রিয়ায় বিবেচিত হবে।