দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করে দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এ ধরনের অপশক্তিকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার পাশাপাশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে স্পিকার এ আহ্বান জানান।
সংসদ সদস্যদের উদ্দেশে স্পিকার বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে তিনি লক্ষ্য করেছেন, একটি দেশবিরোধী অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করার লক্ষ্যে দেশে গৃহযুদ্ধ শুরু করার ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে সংসদ সদস্যদের দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এ অপশক্তিকে প্রতিহত করতে হবে। একই সঙ্গে দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বও পালন করতে হবে।
স্পিকার আরও বলেন, সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতার উদ্দীপনামূলক বক্তব্যে দেশের প্রতিটি নাগরিক অনুপ্রাণিত হয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন তিনি। এ সময় অধিবেশনে জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে গঠনমূলক আলোচনা, মতামত প্রদান এবং সংসদীয় কার্যক্রম পরিচালনায় সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অধিবেশন সফলভাবে পরিচালনায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পর স্পিকার অধিবেশনের সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পাঠ করেন। এর মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের কার্যক্রম শেষ হয়।








