গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে জেলায় পৌঁছেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে তাঁরা গোপালগঞ্জে পৌঁছান। তাঁদের সঙ্গে রয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
সূত্র জানায়, সফরকালে তাঁরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করবেন। সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ও অগ্নিসংযোগের শিকার থানাগুলো ঘুরে দেখার পাশাপাশি জেলা পুলিশের আয়োজনে বিশেষ সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁদের।
সহিংসতার পর শহরে কমেছে জনসমাগম
গত কয়েক দিনের সহিংসতার পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত থেকে গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। রাত থেকে নতুন করে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।
শুক্রবার সকালে জেলা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বৃষ্টির কারণে রাস্তাঘাট ভেজা। ওষুধ ও খাবারের দোকান ছাড়া অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। সড়কে রিকশা ও ইজিবাইক চলাচল করলেও অন্যান্য যানবাহন তেমন দেখা যায়নি।
গত কয়েক দিনের সহিংসতার পর শহরে সাধারণ মানুষের উপস্থিতিও কম। প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না। ফলে শহরের সড়কগুলো প্রায় ফাঁকা রয়েছে।









