

মানুষকে ভুল বুঝিয়ে শুভঙ্করের ফাঁকি দেখাচ্ছে আওয়ামী লীগ সরকার। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ বলছে প্রবৃদ্ধির হার বাড়ছে। অথচ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো, এমনকি সিপিডি বলেছে সমস্ত তথ্য ভুল। অন্যদিকে মানুষ ফুটপাতে শুয়ে থাকছে। খাবার নেই। লোকজন কাজ পাচ্ছে না। দেশে দারিদ্র্যের হার ২ শতাংশ বেড়ে গেছে। মানুষের ক্রয় ক্ষমতা একদম কমে গেছে। দ্রব্যমূল্য এমনভাবে বেড়েছে যে, মানুষের পক্ষে বেঁচে থাকা সম্ভব হচ্ছে না।’
ফখরুল আরও বলেন, ‘মুক্তিযুদ্ধ আমাদের অহংকার। আমরা মুক্তিযুদ্ধ করেছি বলেই একটি স্বাধীন জাতিতে পরিণত হয়েছি, ভূ-খণ্ড পেয়েছি, অপার সম্ভাবনার দার খুলে গেছে। সেই মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন একজন কালজয়ী ক্ষণজন্মা পুরুষ আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ওই জায়গায় আমাদের কোনো প্রশ্ন থাকা উচিত নয়। প্রশ্নটা হচ্ছে, যারা মুক্তিযুদ্ধের সব কিছুর দাবিদার হয়ে গেল, যারা মনে করল একমাত্র তারা মালিক ও মোক্তার। যারা মনে করল দেশটারও মালিক তারাই। জনগণ তাদের সেবক আর তারা প্রভু। স্বাধীনতার পরপরই তারা সেটার প্রমাণ দিতে শুরু করেছে। একে একে আমাদের স্বাধীনতার সমস্ত স্বপ্নগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ যে উন্নয়নের কথা বলে তার নকশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করে দিয়েছিলেন।’
বিএনপির মহাসচিব আরও বলেন, ‘তারা দেশকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে, দেশকে রক্ষা করতে হলে একমাত্র এদের সরানো ছাড়া বিকল্প কিছু নেই। গণতন্ত্রের সর্বনাশ করেছে, লাখ লাখ মানুষকে ঘরছাড়া করেছে। আমাদের ৩৫ লাখ নেতা-কর্মীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। ৬ শতাধিক মানুষকে তারা গুম করেছে। সহস্র মানুষকে তারা হত্যা করেছে।’


