সংসদ সদস্যদের ব্যক্তিগত গাড়িতে করে সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। এখন থেকে এমপিদের সঙ্গে তাদের ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালক ছাড়া অন্য কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবেন না।
গত ৪ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে সচিবালয়ের নিরাপত্তা নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় কয়েকজন সচিবের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সভার কার্যবিবরণীতে বলা হয়েছে, এমপিদের ব্যক্তিগত গাড়িতে প্রবেশের সময় ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালকের পরিচয় ও অনুমোদন যথাযথভাবে যাচাই করে প্রবেশের ব্যবস্থা করতে হবে। এর বাইরে অন্য কাউকে ওই গাড়িতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
সংশ্লিষ্টরা জানান, অনেক সময় এমপিদের গাড়িতে চার-পাঁচজন পর্যন্ত ব্যক্তি সচিবালয়ে প্রবেশ করেন। তাদের সবাই সংশ্লিষ্ট কাজে অনুমোদিত কি না, তা যাচাই করতে গিয়ে নিরাপত্তাকর্মীদের নানা সমস্যায় পড়তে হয়। গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র হিসেবে সচিবালয়ের নিরাপত্তা বিবেচনায় এ প্রবেশাধিকার সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নির্দেশনা কার্যকর হলে এমপিদের ব্যক্তিগত গাড়িতে এমপি ছাড়াও সর্বোচ্চ দুজন ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালক সচিবালয়ে প্রবেশ করতে পারবেন। তাদের পরিচয় ও অনুমোদন যাচাইয়ের পরই প্রবেশের সুযোগ দেওয়া হবে।










